১৬ দেশের ৩৭ চলচ্চিত্র উৎসবে 'গাড়িওয়ালা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গাড়িওয়ালা’ ছবির দৃশ্য
‘গাড়িওয়ালা’ ছবির দৃশ্য

আশরাফ শিশির পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘গাড়িওয়ালা’। দেশে মুক্তি না পেলেও বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে ছবিটি। বেশ কয়েকটি পুরস্কারও ঘরে তুলছে ‘গাড়িওয়ালা’। যুক্তরাষ্ট্র, ইতালি, ভারত, স্পেন ও চিলির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে বিভিন্ন বিভাগে মোট ৮টি সেরা পুরস্কার ঝুলিতে ভরেছে ছবিটি। এখন পর্যন্ত মোট ১৬টি দেশের ৩৭টি শহরে ৩৭টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের যোগ্যতা অর্জন করেছে ‘গাড়িওয়ালা’।
যে ১৬টি দেশে ‘গাড়িওয়ালা’ প্রদর্শিত হয়েছে সেগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, গ্রিস, পর্তুগাল, রাশিয়া, কম্বোডিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইতালি, চিলি, ভেনেজুয়েলা, কসোভো ও রাশিয়া।

এ প্রসঙ্গে নির্মাতা আশরাফ শিশির বলেন, ‘এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি দেশে সবচেয়ে বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়া বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে ‘‘গাড়িওয়ালা’’। এ ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত।’
‘গাড়িওয়ালা’র মুক্তির সম্ভাব্য তারিখ সম্পর্কে জানতে চাইলে আশরাফ শিশির বলেন, ‘ঈদুল ফিতরের পর ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

সম্প্রতি স্পেনে অনুষ্ঠিত সপ্তম পিকনিক ফিল্ম ফেস্টিভ্যালে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শিত হয়। পাঁচ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয় ‘গাড়িওয়ালা’।
এর আগে গত জুন মাসের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সপ্তম ট্রেনটন ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগে ‘ন্যারেটিভ ফিচার: অনারেবল মেনশন’ পুরস্কার জিতে নেয় ‘গাড়িওয়ালা’। গত মে মাসে চিলির সপ্তম ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল ডি সিনে ডি টারাপাকায় প্রতিযোগিতা বিভাগে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ইতালির দ্য গালফ অব নেপলস্ ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয় ‘গাড়িওয়ালা’।

এ ছাড়া ‘গাড়িওয়ালা’ চলতি বছরের শুরুতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব রাজস্থান থেকে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয়। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নর্থ ক্যারোলিনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যকার, সেরা পার্শ্ব অভিনেতা এবং সেরা শিশুশিল্পী বিভাগে পুরস্কৃত হয় ‘গাড়িওয়ালা’।
‘গাড়িওয়ালা’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও রাইসুল ইসলাম আসাদ। অন্য অভিনয়শিল্পীরা হলেন মাসুম আজিজ, ইমরান, ফারুক, আবদুর রহমান রাজীব, আর জে মুকুল, সাকি ফারজানাসহ ৪০০ নাট্যকর্মী।