১৬ নভেম্বর এক মঞ্চে ১০ ব্যান্ড
১৬ নভেম্বর রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে এক মঞ্চে গান গাইবে বাংলাদেশের জনপ্রিয় ১০টি গানের দল। এ অনুষ্ঠানে ফিডব্যাক, সোলস, এলআরবি, নগর বাউল (জেমস), ওয়ারফেজ, মাকসুদ ও ঢাকা, ডিফারেন্ট টাচ, নোভা, আর্ক ও প্রমিথিউস এবার এক মঞ্চে উঠবে। ১৬ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ওল্ড ইজ গোল্ড’ শিরোনামে কনসার্টটির আয়োজন করা হয়েছে। ‘ওল্ড ইজ গোল্ড’ শিরোনামের কনসার্টটির আয়োজন করেছে আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ। কনসার্টটির সর্বশেষ খবর জানাতে আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীর একটি রেস্তোরাঁয় মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালের পরিচালক আশীষ কুমার চক্রবর্তী, ১০টি ব্যান্ডের প্রতিনিধি এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সুফিয়ানার ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।এ প্রসঙ্গে হাসপাতালটির পরিচালক আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘দরিদ্র ও দুস্থ রোগীদের চিকিত্সা সহায়তায় তহবিল গঠনের জন্য আমরা এই চ্যারিটি কনসার্টের আয়োজন করেছি। কনসার্ট থেকে পাওয়া অর্থ হাসপাতালে আসা গরিব ও সুবিধাবঞ্চিত রোগীদের চিকিত্সায় ব্যয় করা হবে।কার্নিভালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ওয়ারফেজ ব্যান্ডের সদস্য শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘কার্নিভালের শুরু থেকেই আমরা আর্তমানবতার সেবায় বিভিন্নভাবে এগিয়ে এসেছি। কনসার্টের মাধ্যমে বন্যার্ত কিংবা সিডরে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম। এবারও তার ব্যতিক্রম নয়; দরিদ্র ও দুস্থ রোগীদের জন্য তহবিল গঠনে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত।’ ‘ওল্ড ইজ গোল্ড’ শিরোনামের এই কনসার্টটির প্রধান পৃষ্ঠপোষক সুফিয়ানাস ফ্যাশন। এই প্রতিষ্ঠানের পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই মানবধর্ম। এ রকম একটি আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমরা আনন্দিত। সমাজের সবাইকে আমরা আহ্বান জানাই, তারা যেন এ রকম উদ্যোগে সাড়া দিয়ে দরিদ্র ও দুস্থ মানুষের পাশে এসে দাঁড়ায়।’কনসার্টের মিডিয়া পার্টনার হিসেবে আছে দেশ টিভি এবং রেডিও সহযোগী এবিসি রেডিও এফএম ৮৯.২, অনলাইন সহযোগী www.prothom-alo.com। এছাড়া অনুষ্ঠানটির এডুকেশন পার্টনার হিসেবে রয়েছে বিএসবি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং এর অনলাইন কুপন পার্টনার akhoni.com।ওল্ড ইজ গোল্ড কনসার্টের টিকিটের দাম ২০০ টাকা। পাওয়া যাবে হেলভেশিয়া ফাস্টফুড (ঢাকার সব শাখা), আনন্দ কনফেকশনারি (শাহীন কলেজ সংলগ্ন), আয়েশা মেমোরিয়াল হাসপাতাল কফি হাউস (মহাখালী), এবিসি রেডিও অফিস (কারওয়ান বাজার) ও ঘুড্ডিতে (লেভেল-৬, বসুন্ধরা সিটি)।