১৬ নভেম্বর ‘ওল্ড ইজ গোল্ড’ কনসার্ট
গত শতকের নব্বইয়ের দশকের শীর্ষস্থানীয় ব্যান্ড ফিডব্যাক, সোলস, এলআরবি, নগর বাউল (জেমস), ওয়ারফেজ, মাকসুদ ও ঢাকা, ডিফরেন্ট টাচ, নোভা, আর্ক ও প্রমিথিউস এবার গান করবে একই মঞ্চে। ১৬ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে কনসার্ট ‘ওল্ড ইজ গোল্ড’। কনসার্টের আয়োজন করেছে আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটাল (প্রা.) লিমিটেড। হাসপাতালের পরিচালক আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘দরিদ্র ও দুস্থ রোগীদের চিকিৎসা সহায়তায় তহবিল গঠনের জন্য আমরা এই চ্যারিটি কনসার্টের আয়োজন করেছি। কনসার্ট থেকে পাওয়া অর্থ হাসপাতালে আসা গরিব ও সুবিধাবঞ্চিত রোগীদের চিকিৎসায় ব্যয় করা হবে।’ টিকিটের দাম ২০০ টাকা। পাওয়া যাবে হেলভেশিয়া ফাস্টফুড (ঢাকার সব শাখা), আনন্দ কনফেকশনারি (শাহীন কলেজ সংলগ্ন), আয়েশা মেমোরিয়াল হাসপাতাল কফি হাউস (মহাখালী), এবিসি রেডিও অফিস (কারওয়ান বাজার) ও ঘুড্ডিতে (লেভেল-৬, বসুন্ধরা সিটি)।