১৬ বছর পর মার্কিন মুলুকে মাইলস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৬ বছর পর আবারও যুক্তরাষ্ট্রে গান করতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস। ১৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন মাইলসের সদস্যরা। ব্যান্ডের ভোকাল শাফিন আহমেদ প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।সফর প্রসঙ্গে শাফিন আহমেদ বলেন, ‘ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ফ্লোরিডা, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, আটলান্টা, নিউ জার্সি শহরগুলোতে গান করার বিষয়টি নিশ্চিত হয়েছে। এর বাইরে অন্য কয়েকটি শহরেও গান গাওয়ার সম্ভাবনা রয়েছে।’মাইলস ব্যান্ডের ভোকাল শাফিন আহমেদ আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিদের পাশাপাশি সেখানকার শিক্ষার্থী ও চাকরিজীবীরা অনেক দিন ধরেই সে দেশে যাওয়ার অনুরোধ করে আসছিলেন। নানা কারণে এত দিন যাওয়া হয়নি। অবশেষে ১৩ সেপ্টেম্বর সেখানে যাচ্ছি।’ শাফিন আহমেদ আরও জানান, ব্যান্ডের সব সদস্যই এই সফরে যাচ্ছেন। নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরবেন তাঁরা। এদিকে দেশে ফিরেই ব্যান্ডের নতুন একক অ্যালবাম ‘প্রতিচ্ছবি’র অডিও সিডি প্রকাশ নিয়ে ব্যস্ত হবেন মাইলসের সদস্যরা। ‘প্রতিচ্ছবি’ অ্যালবামের পাঁচটি গান এর আগে মুঠোফোনে প্রকাশ করা হয়েছিল। প্রসঙ্গত, কনসার্ট করার জন্য ১৯৯৬ সালে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে গিয়েছিল দেশের অন্যতম ব্যান্ড মাইলস। সেই সফরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে মোট আটটি কনসার্টে অংশ নিয়েছিল মাইলস। সবকটি কনসার্টই দারুণ প্রশংসিত হয়েছিল।