১৬ বছর পর সুজিত মোস্তফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুজিত মোস্তফার আধুনিক গানের প্রথম অ্যালবাম ‘আমার গানের প্রথম চরণখানি’ বেরিয়েছিল ১৯৯৪ সালে, কলকাতা থেকে। আটলান্টিস মিউজিক থেকে প্রকাশিত ওই অ্যালবামটি সুজিত মোস্তফা উত্সর্গ করেছিলেন বাবা আবু হেনা মোস্তফা কামালকে। দীর্ঘ ১৬ বছর পর এবার লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হয়েছে শিল্পী সুজিত মোস্তফার আধুনিক গানের অ্যালবাম আবার হলো দেখা। অ্যালবামে মোট গান রাখা হয়েছে আটটি। গানের কথাগুলো হলো আবার হলো দেখা, আমার চোখে তুমি, যাই বলো না, যেই চোখ তোমার, কতকাল পরে, সকালের কারুকাজে তুমি, সুখ যার সয়না ও তোমার আছে সুর। গানের কথা লিখেছেন আবু হেনা মোস্তফা কামাল, মো. রফিক উজ জামান, এম এ পারভেজ, গোলাম মুস্তাফা, মিথিলা ইবরার, ধ্রুব এষ, টি আই অন্তর ও রবিউল ইসলাম জীবন। আর এসব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন পার্থ বড়ুয়া, ইবরার টিপু, অজয় শিকদার, পার্থ মজুমদার প্রমুখঅ্যালবামটি সম্পর্কে শিল্পী বলেন, আবার হলো দেখা অ্যালবামটিতে অনেক তরুণ এবং প্রতিষ্ঠিত গীতিকার সুরকার এবং সংগীত পরিচালক কাজ করেছেন। আমি সংগীত বলতে শ্রবণ এবং মননকেই বুঝি। গান শেখানোর বদৌলতে দেশে, দেশের বাইরে আমার কিছু ছাত্রছাত্রী ও ভক্ত তৈরি হয়েছে। তারা দীর্ঘদিন ধরে আমাকে একটি আধুনিক গানের অ্যালবাম তৈরির কথা বলে আসছিল। আমার চাওয়াও ছিল শ্রোতাদের হাতে আধুনিক গানের অ্যালবামটি তুলে দিতে। দীর্ঘ বিরতির কারণ হিসেবে সুজিত মোস্তফা বলেন, সংগীত প্রশিক্ষক হওয়ার কারণে আমি একজন গানের সমালোচকও বটে। আত্মসমালোচনার জন্যই হয়তো এই বিরতি। এ ছাড়া আমাকে গানের প্রশিক্ষণ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। আবার হলো দেখা অ্যালবামটি সুজিত মোস্তফা তাঁর মাকে উত্সর্গ করেছেন।