১৬ বছর পর সুজিত মোস্তফা
সুজিত মোস্তফার আধুনিক গানের প্রথম অ্যালবাম আমার গানের প্রথম চরণখানি বেরিয়েছিল ১৯৯৪ সালে, কলকাতা থেকে। দীর্ঘ ১৬ বছর পর এবার লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হয়েছে শিল্পী সুজিত মোস্তফার আধুনিক গানের অ্যালবাম আবার হলো দেখা। অ্যালবামে মোট গান রাখা হয়েছে আটটি। গানের কথাগুলো হলো—আবার হলো দেখা, আমার চোখে তুমি, যাই বোলো না, যেই চোখ তোমার, কতকাল পরে, সকালের কারুকাজে তুমি, সুখ যার সয়না ও তোমার আছে সুর। গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছেন পার্থ বড়ুয়া, ইবরার টিপু, অজয় শিকদার, পার্থ মজুমদার প্রমুখঅ্যালবামটি সম্পর্কে শিল্পী বলেন, ‘গান শেখানোর বদৌলতে দেশে এবং দেশের বাইরে আমার কিছু ছাত্রছাত্রী এবং ভক্ত তৈরি হয়েছে। তারা দীর্ঘদিন ধরে আমাকে একটি আধুনিক গানের অ্যালবাম তৈরির কথা বলে আসছিল। আমারও চাওয়া ছিল শ্রোতাদের হাতে আধুনিক গানের অ্যালবামটি তুলে দেওয়া।’ দীর্ঘ বিরতির কারণ হিসেবে সুজিত মোস্তফা বলেন, ‘সংগীত প্রশিক্ষক হওয়ার কারণে আমি একজন গানের সমালোচকও বটে। আত্মসমালোচনার জন্যই হয়তো এই বিরতি।’