১৬ মে বাংলাদেশে 'যুদ্ধশিশু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধশিশু ছবির দৃশ্যে রাইমা সেন
যুদ্ধশিশু ছবির দৃশ্যে রাইমা সেন

১৬ মে বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি পাচ্ছে যুদ্ধশিশু (চিলড্রেন অব ওয়ার: নাইন মান্থস টু ফ্রিডম) ছবিটি৷ আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি প্রেক্ষাগৃহে ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নারীদের ওপর ভয়াবহ নির্যাতন করা হয়৷ সেই সময়ের তেমনই কিছু ভয়াবহ ঘটনা নিয়ে ছবিটি তৈরি করেন বলিউডের পিরচালক মৃত্যুঞ্জয় দেবব্রত৷ অভিনয় করেছেন রাইমা সেন, ভিক্টর ব্যানার্জি, ফারুক শেখ, ইন্দ্রনীল, ঋদ্ধি সেন প্রমুখ৷
ভারতের কলকাতার জে কে এন্টারপ্রাইজ থেকে গত মঙ্গলবার বাংলাদেশে ছবিটি আমদানি করেছে খান ব্রাদার্স৷ পরদিন বুধবার চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে কোনো কর্তন ছাড়াই ছবিটিকে ছাড়পত্র দেওয়া হয়৷ খান ব্রাদার্সের সুদীপ্ত দাস বলেন, ‘১৬ মে ভারতের সঙ্গে বাংলাদেশেও ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিয়েছি৷’
জানা গেছে, ছবিটি বাংলায় ডাব করা হয়েছে৷ যেখানে উর্দুতে সংলাপ বলা হয়েছে, সেখানে বাংলায় সাবটাইটেল দেওয়া হয়েছে৷
চিলড্রেন অব ওয়ার: নাইন মান্থস টু ফ্রিডম ছবিটির নাম ছিল দ্য বাস্টার্ড চাইল্ড৷ পরে নাম পরিবর্তন করা হয়৷ বাংলাদেশে ছবিটির নাম যুদ্ধশিশু৷