১৭ নভেম্বর থেকে 'ঢাকা লিট ফেস্ট-২০১৬'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্
বাংলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্

বাংলা একাডেমি চত্বরে ‘ঢাকা লিটারারি ফেস্টিভ্যাল’-এর ব্যানারে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশি-বিদেশি সাহিত্য অঙ্গনের মিলন মেলা। আগামী ১৭-১৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এ সাহিত্য উৎসবে ১৮টি দেশ থেকে ৬৬ জন বিদেশি এবং দেড় শতাধিক বাংলাদেশি সাহিত্যিক, লেখক, গবেষক, সাংবাদিক অংশ নিচ্ছেন। দেশি-বিদেশি অতিথিদের সঙ্গে সরাসরি সাহিত্যসহ সমাজের বিভিন্ন প্রসঙ্গে নিয়ে আলোচনা-পর্যালোচনার সুযোগ থাকছে জনসাধারণের জন্য।

রোববার বাংলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এবারের আয়োজনের বিস্তারিত তথ্য জানান হয়। এ সময় উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, লিট ফেস্টের পরিচালক কাজী আনিস আমেদ,সাদাফ সায্, আহসান আকবর এবং ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল এবং ব্র্যাকের প্রতিনিধি আসিফ সালেহ।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন কাজী আনিস আহমেদ। তিনি জানান, ষষ্ঠবারের মতো করা এই আয়োজনের পরিধি অনেক বেড়েছে। এবার ১৮টি দেশের ৬৬ জন প্রতিনিধি। ১৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় এই উৎসবের উদ্বোধন করবেন নোবেল বিজয়ী সাহিত্যিক ভিএস নাইপল, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
কাজী আনিস আহমেদ উল্লেখ করেন, বিশ্বসাহিত্যে শীর্ষ পুরস্কার নোবেল, পুলিৎজার ও ম্যান বুকারপ্রাপ্ত তিন-তিনজন সাহিত্যিক আসছেন। এটিকে লিট ফেস্টের অন্যতম বড় পাওয়া বলেও উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বরাবরের মতো অন্য দেশের সাহিত্যের চেয়ে অধিক গুরুত্ব পাচ্ছে বাংলা সাহিত্য। এই উৎসবের মূল বিষয় হচ্ছে বাংলাকে বিশ্বে এবং বিশ্বকে বাংলার কাছে তুলে ধরা।
প্রয়াত কথা সাহিত্যিক সৈয়দ শামসুল হককে স্মরণ করে বিশেষ শ্রদ্ধা জানানো হবে এবারের আয়োজনে। লিট ফেস্টে তাঁর লেখা উপন্যাস ‘নীল দংশন’ এর একটি অংশ ইংরেজিতে মঞ্চায়িত হবে। থাকছে তার জীবন নিয়ে বিশেষ আলোচনা। এ ছাড়া খ্যাতিমান লেখক ফকরুল আলম অনূদিত মীর মোশাররফ হোসেনের খ্যাতনামা উপন্যাস ‘বিষাদ সিন্ধু’-এর প্রকাশনা উৎসব হবে এই আয়োজনেই।
উৎসবের পরিচালক সাদাফ সায বলেন, বাংলাদেশের সাহিত্য, ঐতিহ্য, জগতের কাছে তুলে ধরতেই এই আয়োজন। বিশেষ করে পালা, জারি গান, বেহুলা লক্ষিন্দরের জারিসহ,উৎসবের অন্যতম সহযোগী ব্র্যাকের সংস্কৃতি বিভাগ গ্রাম পর্যায়ে যেসব কাজ করছে সেগুলোও তুলে ধরা হবে।
সাদাফ উল্লেখ করেন, কবিতাকে ভীষণ গুরুত্ব দেওয়া হচ্ছে লিট ফেস্টে। এ ছাড়া তিন দিনের এই আয়োজনে ৯০টির বেশি সেশন রয়েছে। শুধু শিল্প সাহিত্য নয়, জেনেটিকস সায়েন্স, নিওরো সায়েন্স অ্যান্ড আর্কিটেকচারের মতো সায়েন্টিফিক বিষয় নিয়েও বেশ কয়েকটি সেশন রয়েছে।
বাংলা একাডেমির মহাপরিচালক লিট ফেস্ট বাংলাদেশের অনুবাদ সাহিত্য এবং ইংরেজি ভাষায় সাহিত্য চর্চাকে ত্বরান্বিত করেছে বলে মন্তব্য করেন। সে সময় তিনি আক্ষেপ প্রকাশ করেন, বাংলাদেশে অনুবাদকের সংখ্যা কম। আশা করছেন সাহিত্যের এই শাখাকে উন্নীত করার জন্য এ ধরনের আয়োজন নিয়মিতই হবে।
তিন দিনের এ উৎসবটির প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য মুখর থাকবে বিভিন্ন আয়োজনে।
আয়োজকেরা জানান, দর্শনার্থী ও সাহিত্যপ্রেমী থেকে শুরু করে সকল অঙ্গনের মানুষের জন্য উন্মুক্ত এ আয়োজনে অংশ নিতে করতে হবে নিবন্ধন। যেটি নিশ্চিত করবে অংশগ্রহণকারীর পরিচয়।
ঢাকা লিট ফেস্ট আয়োজিত হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ সহযোগিতায়। এটির টাইটেল স্পন্সর ইংরেজি দৈনিক ‘ঢাকা ট্রিবিউন’ ও অনলাইন সংবাদপত্র ‘বাংলা ট্রিবিউন’, প্ল্যাটিনাম স্পন্সর ব্র্যাক।