১৭ বছর পর পরিচালনায় রমেশ সিপ্পি
দীর্ঘ ১৭ বছরের বিরতির পর আবারও চলচ্চিত্র পরিচালনায় ফিরছেন ‘শোলে’ খ্যাত বলিউডের বর্ষীয়ান চিত্রনির্মাতা রমেশ সিপ্পি। চার দশকের পেশা জীবনে এই প্রথম থ্রিলারধর্মী ছবি পরিচালনা করবেন ৬৫ বছর বয়সী এ নির্মাতা। এরই মধ্যে ছবিটির চিত্রনাট্য হাতে পেয়েছেন রমেশ। চলতি বছরের শেষ নাগাদ ছবিটির শুটিং শুরু করতে চান তিনি।ছবির অভিনয়শিল্পী সম্পর্কে রমেশ মুখ না খুললেও ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে ইন্দো-এশিয়ান নিউজ জানিয়েছে, অমিতাভ বচ্চনকে দেখা যাবে নতুন এ ছবিটিতে। ছবিটি সম্পর্কে রমেশ জানিয়েছেন, ‘বরাবরই ছবি তৈরির ক্ষেত্রে ঝুঁকি নিয়েছি আমি। এবারে থ্রিলারধর্মী ছবি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি। এই ঘরানার ছবি আগে কখনোই হাতে নিইনি আমি। ছবিটির চিত্রনাট্য লিখেছেন শ্রীধর রাঘবন। চিত্রনাট্যটি পড়ে খুবই ভালো লাগল আমার। সঙ্গে সঙ্গেই আবারও ছবি পরিচালনার সিদ্ধান্ত নিয়ে ফেলি। এর আগে আমার ছেলে রোহান সিপ্পির “ব্লাফমাস্টার” এবং “দম মারো দম” ছবির চিত্রনাট্য লিখেছিলেন রাঘবন।’রমেশ আরও বলেন, ‘আমার ছবিগুলোর অন্যতম বৈশিষ্ট্য হল শক্তিশালী চিত্রনাট্য। প্রতিটি ছবিতেই এর প্রমাণ রাখার চেষ্টা করেছি আমি। তবে ১৯৯৫ সালে মুক্তি পাওয়া আমার পরিচালিত সর্বশেষ ছবি “জামানা দিওয়ানা”র বিষয়বস্তু নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম না। তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, মনমতো চিত্রনাট্য হাতে না আসা পর্যন্ত ছবি পরিচালনা থেকে দূরে থাকব। অবশেষে ভালো একটি চিত্রনাট্য আমি পেয়েছি এবং কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।’উল্লেখ্য, দীর্ঘ ৪০ বছরের পেশা জীবনে ‘শোলে’, ‘সিতা অউর গীতা’, ‘শক্তি’, ‘সাগর’, ‘একেলা’সহ বেশ কয়েকটি হিট ছবি উপহার দিয়েছেন রমেশ সিপ্পি।