১৭ বছরে সহস্রাধিক নাটকে অভিনয় করেছি
১৯৯৭ সালে ‘গোধূলি লগ্নে’ নাটকের মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু করেন শাহরিয়ার নাজিম জয়। দীর্ঘ ১৭ বছরের অভিনয়-জীবনে নাটক পরিচালনার খাতায়ও নাম লেখান তিনি। এবার চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন জয়। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ‘আমরা যারা মা-বাবা’ ছবি পরিচালনা করতে যাচ্ছেন তিনি। ছবিটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য এবং গানও লিখেছেন জয় নিজেই। ছবিটির একটি প্রধান চরিত্রেও দেখা যাবে তাঁকে। প্রথম ছবি পরিচালনার প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলোর মুখোমুখি হন জয়।

ছবি নির্মাণের চিন্তা মাথায় এল কখন?
অভিনয় দিয়ে আমার মিডিয়াতে পথচলার শুরু। নাটকের পাশাপাশি ছবিতেও অভিনয় করি। ফাঁকে নাটক লেখালেখিও করি। ২০১১ সালে প্রথম নাটক পরিচালনার সঙ্গে যুক্ত হই। নাটক পরিচালনা করার সময়ই চলচ্চিত্র নির্মাণের বিষয়টি মাথায় আসে। এরপর ভেতরে ভেতরে ছবি তৈরির মানসিক প্রস্তুতি নিতে থাকি। ইমপ্রেস টেলিফিল্মের উত্সাহ ও সহযোগিতায় অবশেষে ছবির কাজটি শুরু করতে যাচ্ছি।
ছবি নির্মাণের প্রস্তুতি কেমন?
১৭ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আছি। নাটকে অভিনয়ের পাশাপাশি কখনো লেখার কাজ করেছি। আবার চলচ্চিত্রে অভিনয় করেছি এবং নাটক পরিচালনাও করেছি। এই দীর্ঘ সময়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি তা ছবি পরিচালনার ক্ষেত্রে প্রয়োগ করব। এ ছাড়া চলার পথে কিছু ভুলও হয়েছে আমার। সেগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করে ছবি নির্মাণ করতে চাই আমি।
কবে থেকে ছবির শুটিং শুরু হচ্ছে?
জুন মাসের প্রথম সপ্তাহে ফেরদৌস আরার গান রেকর্ডিংয়ের মধ্য দিয়ে ছবির কাজ শুরু হবে। ছবিটির সংগীত পরিচালক হিসেবে থাকছেন ইমন সাহা। ইচ্ছে আছে জুন মাসের মাঝামাঝি সময়ে শুটিং শুরু করার।
ছবির বিষয়বস্তু কি?
ব্যস্ততার কারণে আধুনিক সমাজে মা-বাবা তাঁদের সন্তানদের যথেষ্ট সময় দিতে পারেন না। এতে করে সেসব সন্তানদের অনেকে বিপথে চলে যায়। মা-বাবার কাছ থেকে পর্যাপ্ত সময় না পেয়ে সন্তানরা কীভাবে বিপথে যায় সেটাই আমি ছবিটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। সম-সাময়িক প্রেক্ষাপটের আরও কিছু বিষয়ও থাকবে ছবিটিতে।
প্রথম ছবিতে অভিনয়শিল্পী হিসেবে কারা থাকছেন?
গল্পের সঙ্গে মানানসই যারা তাঁরা আমার প্রথম ছবিতে অভিনয় করবেন। এরই মধ্যে নওশীন, জিতু আহসান ও মৌসুমী নাগের সঙ্গে অভিনয়ের ব্যাপারে চূড়ান্ত কথাবার্তা হয়েছে। কয়েকদিনের মধ্যে বাকি অভিনয়শিল্পীদের তালিকাও চূড়ান্ত করা হবে।
আপনার অভিনীত নাটকের সংখ্যা কত?
১৭ বছরে সহস্রাধিক নাটকে অভিনয় করেছি। এগুলোর মধ্যে নিজের লেখা ও পরিচালনার নাটকও রয়েছে।
আপনার পরিচালিত প্রথম টিভি নাটক কোনটি?
আমি ২০১১ সালে প্রথম নাটক নির্মাণ করি। নাম ‘গলির মোড়ে সিডির দোকান’। চ্যানেল আইতে নাটকটি প্রচারিত হয়। এরপর আরও ডজন খানেক নাটক নির্মাণ করেছি।
আপনি তো চলচ্চিত্রেও অভিনয় করেছেন। কয়টি ছবিতে অভিনয় করেছেন?
আমার অভিনীত প্রথম ছবি ‘জীবনের গল্প’। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ছবিটি ২০০৬ সালে মুক্তি পায়। এরপর মুক্তি পায় ‘এই যে দুনিয়া’, ‘গ্রামগঞ্জের পিরিতি’ ও ‘পাষাণের প্রেম’। প্রথম তিনটি ছবিতে নায়িকা ছিলেন শাবনূর, আর শেষেরটিতে অপু বিশ্বাস।