১৮ ও ১৯ সেপ্টেম্বর শিল্পকলায় নৃত্যনাট্য 'দেশ'

বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর মঞ্চস্থ হতে যাচ্ছে নৃত্যনাট্য দেশ । ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ফাউন্ডেশন যৌথভাবে এই আয়োজন করেছে। নৃত্যনাট্যটির নির্দেশক ও শিল্পী ব্রিটিশ-বাংলাদেশি কোরিওগ্রাফার আকরাম খান।
আজ সোমবার দুপুরে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। একক এ নৃত্যনাট্যটি বিশ্বের অন্যতম নৃত্যগোষ্ঠী আকরাম খান কোম্পানি প্রযোজনা করেছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যব্যক্তিত্ব আকরাম খান, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ, ব্রিটিশ কাউন্সিলের পরিচালক (পার্টনারশিপ অ্যান্ড প্রোগ্রাম) রবিন ডেভিস ও বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
সংবাদ সম্মেলনে আকরাম খান জানান, সমসাময়িক ঘটনাবলি নিয়ে রচিত নাটক দেশ। বর্তমান বিশ্বে সামষ্টিক অতীত ও ব্যক্তিক বর্তমানের পাশাপাশি পরিচয়হীনতার সংকটকে তিনি এ পরিবেশনায় ফুটিয়ে তুলেছেন। মূলত যুক্তরাজ্য ও বাংলাদেশে ভ্রমণকালে দুই দেশের স্মৃতি, অভিজ্ঞতা ও পৌরাণিক কাহিনির সঙ্গে পরাবাস্তব \পৃথিবীর যোগসূত্র স্থাপন করেছেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যশালায় ১৮ ও ১৯ সেপ্টেম্বর প্রতিদিন সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে দেশ। আসন সংখ্যা সীমিত বলে নাট্যশালার ভেতর শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য আসন নির্ধারণ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ ছাড়া ১৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি করিডোরে ও শিল্পকলা একাডেমীর চারু ভবন চত্বরে বড় পর্দায় সরাসরি নৃত্যনাট্যটি সম্প্রচার করা হবে।
এ অনুষ্ঠানে সহযোগিতা করছে বেঙ্গল কমিউনিকেশনস লিমিটেড। আয়োজন সহযোগী বাংলাদেশ শিল্পকলা একাডেমী। সঙ্গে আছে দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও চ্যানেল আই।
প্রসঙ্গত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী ও নির্দেশক আকরাম খান এক যুগেরও বেশি সময় ধরে নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে নিজস্ব নৃত্যভঙ্গি সৃষ্টি করেছেন। তাঁর এই নৃত্যভঙ্গি যুক্তরাজ্যসহ বিশ্বে সমাদৃত। তিনি বিশ্বের বিভিন্ন দেশের নামী শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। ২০১২ অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত তাঁর কাজ ব্যাপক প্রশংসিত হয়। তিনি লরেন্স অলিভিয়ে অ্যাওয়ার্ড, এসপিএ সম্মাননা, সাউথ ব্যাংক আর্টস অ্যাওয়ার্ড, ক্রিটিকস সার্কেল ন্যাশনাল ডান্স অ্যাওয়ার্ডসহ অসংখ্য সম্মাননা অর্জন করেছেন।
কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পী আকরাম খান এবং ফারুক চৌধুরীর প্রচেষ্টায় ২০০০ সালে প্রতিষ্ঠিত হয় আকরাম খান কোম্পানি। এ দলের প্রতিটি কাজে আছে আকরাম খানের নির্দেশনায় কত্থক ও আধুনিক ধারার নৃত্যের মিশেল।