১৮ দেশে শীর্ষ তালিকায় ‘সং ফর জাপান’
জাপানে ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে নির্মিত ‘সং ফর জাপান’ অ্যালবামটি ১৮টি দেশে আইটিউনের তালিকায় শীর্ষে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।অ্যালবামে রয়েছে জন লেনন (ইমাজিন), ইউ টু (ওয়াক অন) এবং লেডি গ্যাগা (বর্ন দিজ ওয়ে)সহ বিশ্বের নামকরা শিল্পীদের ৩৮টি গান। গত শুক্রবার থেকে অ্যালবামটি মাত্র ৯.৯৯ ডলারে পাওয়া যাচ্ছে।ইএমআই মিউজিক, সনি মিউজিক, ইনিভারসল এবং ওয়ার্নার মিউজিক তাদের হিট গানগুলো অ্যালবামটিতে দিয়েছে। এই হিট অ্যালবামের সিডি আগামী ৪ এপ্রিল থেকে দোকানে পাওয়া যাবে।আইটিউন জানিয়েছে, অ্যালবামটি ২২টি দেশের তালিকার মধ্যে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, সুইডেন, জাপানসহ ১৮টি দেশের তালিকায় শীর্ষে রয়েছে। অ্যালবাম বিক্রি থেকে পাওয়া পুরো অর্থ জাপানের রেডক্রস সোসাইটিকে দেওয়া হবে। ১১ মার্চ জাপানে ভয়ংকর ভূমিকম্প ও সুনামিতে সাড়ে ২৭ হাজারের বেশি মানুষ মারা গেছে অথবা নিখোঁজ রয়েছে।