১৮ মাস পর কাজ করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল টোয়েন্টিফোরে আজ রাতে প্রচারিত হবে নাটক হাঙ্গামা। লিখেছেন রুম্মান রশীদ খান। যৌথভাবে পরিচালনা করেছেন আরেফিন আলম ও মিথুন ভট্টাচার্য। অভিনয় করেছেন বাঁধন। কথা হলো তাঁর সঙ্গে।আপনি তো অনেক দিন নাটকের কোনো কাজ করেননি। ‘হাঙ্গামা’র কাজ কবে করেছিলেন?আমি শেষ কাজ করেছিলাম ২০১০ সালের ডিসেম্বরে। ওটা ছিল ধারাবাহিক নাটক চৈতা পাগল। এর প্রায় ১৮ মাস পর হাঙ্গামার কাজ করেছি। কথা ছিল নাটকটি এবার ঈদে প্রচারিত হবে। কিন্তু তা আজই প্রচারিত হচ্ছে। অনেক দিন পর কাজ করতে এসে কেমন লাগছে?মজার ব্যাপার হলো, এই নাটকে কাজ করার সময় আমার মেয়ে সায়রাকে কাছাকাছি রেখেছি। শট দেওয়ার পর পুরোটা সময় মেয়েকে দিতে পেরেছি। সবাই খুব সহযোগিতা করেছেন। আমার অংশগুলো আগে আগে শেষ করে ছেড়ে দিয়েছেন। পুরো ব্যাপারটা দারুণ উপভোগ করেছি। ‘হাঙ্গামা’ নাটকের গল্প নিয়ে কিছু বলুন।নাটকে আমি ও রওনক স্বামী-স্ত্রী। নোভা আমার স্কুলের বন্ধু। দীর্ঘদিন পর ফেসবুকের মাধ্যমে নোভা আমার খোঁজ পেয়ে দুষ্টুমি করার মতলব আঁটে। ফেসবুকে আমার স্বামীর সঙ্গে প্রেমের অভিনয় করে। একসময় ফেসবুকের মাধ্যমে আমাদের ব্যক্তিগত জীবনে তৈরি হয় নানা জটিলতা। ঈদের জন্য কোনো কাজ করেছেন?চয়নিকা চৌধুরীর দুটি নাটক করেছি— ধ্রুবতারা (চ্যানেল নাইন) ও প্রতিবেশী (বৈশাখী টিভি)। ধ্রুবতারার কাজ হওয়ার কথা ছিল কক্সবাজারে। কিন্তু আবহাওয়া প্রতিকূল হওয়ায় আমরা কাজ করেছি গাজীপুরের রাঙ্গামাটি রিসোর্টে। ১১ জন শিল্পী অভিনয় করেছি। আমাদের সঙ্গে ছিলেন রাজ্জাক আংকেল। অবসর সময়ে তিনি আমার মেয়ের সঙ্গে খেলা করেছেন। পুরো ব্যাপারটি আমার জন্য স্মৃতি হয়ে রইল।