গত ১২ আগস্ট শুক্রবার বিকেলে শুরু হয় পাঠশালার ১৯তম ব্যাচের শিক্ষার্থীদের আলোকচিত্র নিয়ে প্রদর্শনী ‘১৯’। ছোট্ট আড়ম্বরপূর্ণ সেই আয়োজনে উপস্থিত ছিলেন পাঠশালার শিক্ষক, নতুন-পুরোনো শিক্ষার্থী, আলোকচিত্রে আগ্রহীরা ও স্কুলের অধ্যক্ষ ও বরেণ্য আলোকচিত্রী শহিদুল আলম।
‘১৯’-এর আলোকচিত্রীরা হলেন তৌফিকুর রহমান, নাঈম তুষার, মিনহাজ মারজু, এম হাসান তারেক, শহিদুর রহমান চৌধুরী ও নাসিরুল ইসলাম। তাঁদের গোটা পঞ্চাশেক আলোকচিত্র নিয়ে শুক্রবার বিকেলে শুরু হয়েছে প্রদর্শনী। পাঠশালার ক্যাম্পাসজুড়ে সেসব আলোকচিত্র ছড়িয়ে রেখেছেন প্রদর্শনীর কিউরেটর সরকার প্রতীক। পাঠশালার প্রবেশমুখের উঠোন, লন, প্রদর্শনী কক্ষ, লোহার সিঁড়ি বেয়ে উঠে খাবার ঘর থেকে ছাদ—সব খানেই আলোকচিত্রগুলো রাখা নানা আঙ্গিকে। প্রদর্শনীতে আলোকচিত্র ছাড়াও আছে বই ও ভিডিওগ্রাফি।
আলোকচিত্রের শিক্ষার্থী ও আগ্রহীরা এই প্রদর্শনী ঘুরে আসতে পারবেন ১৯ আগস্ট পর্যন্ত। বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে পান্থপথের এই আলোকচিত্রের স্কুল। ১৯ আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবসে যে কেউ নিজেদের তোলা আলোকচিত্র দেখাতে পারবেন পেশাদার আলোকচিত্রীদের।