১৯ বছর পর
শিমূল ইউসুফ সর্বশেষ টিভি নাটকে অভিনয় করেছিলেন ১৯৯১ সালে। বিটিভির ওই নাটকটি ছিল গ্রন্থিকগণ কহে। সেলিম আল দীনের লেখা থেকে সেটি প্রযোজনা করেছিলেন রিয়াজউদ্দিন বাদশা। ১৯ বছর পর আবার টিভি নাটকে অভিনয় করছেন শিমূল। এবার অনিমেষ আইচের ধারাবাহিক নাটক মানুষ বদল। কক্সবাজারে এখন নাটকটির কাজ হচ্ছে। গতকাল বুধবার কক্সবাজারে বিমান থেকে নামার পর মুঠোফোনে যোগাযোগ হয় শিমূলের সঙ্গে। জানালেন, সন্ধ্যার পর নাটকের শুটিংয়ে অংশ নেবেন তিনি। এত দিন পর টিভি ক্যামেরার সামনে দাঁড়ানোর অনুভূতি প্রসঙ্গে বললেন, ‘খুব ভয় হচ্ছে। মঞ্চে তো চিত্কার করে সংলাপ বলি। অনেক দিন টিভি ক্যামেরার সামনে কাজ করা হয়নি। জানি না, শেষ পর্যন্ত কেমন হবে।’এত দিন টিভি থেকে দূরে থাকা প্রসঙ্গে বললেন, ‘মঞ্চ নিয়েই ব্যস্ত ছিলাম। তাই কাজ করা হয়নি। অনিমেষ অনেক দিন থেকে বলছিল, তাই এসেছি। এখন যদি ভালো গল্প আর আমার বয়সের সঙ্গে মিলে যায় এমন চরিত্র পাই, তাহলে অবশ্যই নিয়মিত কাজ করব।’নাটকে শিমূল গীর্জার একজন মাদারের ভূমিকায় অভিনয় করছেন শিমূল।মানুষ বদল ধারাবাহিকটি এখন প্রচারিত হচ্ছে এনটিভিতে।