
২০১৩ সালে ১০০ বছর পূর্তি হয়েছে বলিউডের। শতবর্ষ উপলক্ষে বলিউডের ক্লাসিক ছবি ও খুঁটিনাটি বিষয় ধারাবাহিকভাবে তুলে ধরা হচ্ছে কয়েকটি পর্বে। আজ ষষ্ঠ পর্ব ১৯৯০-এর দশকে বলিউডে রোমান্টিক ছবির জয়রথ এগিয়ে নিয়ে গেছেন মূলত শাহরুখ, সালমান ও আমির খান। তবে আমির খানের দিল ছাড়া রাহুল রায় অভিনীত আশিকী নব্বইয়ের দশকে রোমান্টিক ছবির জোয়ার নিয়ে আসে। বিশেষ করে আশিকীর হূদয়কাড়া গানগুলো এখনো সজীব দর্শকের মনে। এ ছবির সিক্যুয়েলও হয়েছে সমপ্রতি।
এ ছাড়া অন্য ছবির তালিকা করা যায় এভাবে: ঘায়েল (১৯৯০), অগ্নিপাথ (১৯৯০): ছোট্ট বয়সে নিজের আদর্শবান বাবাকে সমাজপতিদের হাতে লাঞ্ছিত হয়ে মরতে দেখেছে বিজয়। তাই গ্রাম ছেড়ে পালিয়ে গেলেও মা ও বোনের সম্মান ফিরিয়ে দিতে ও প্রতিশোধ নিতে অবৈধ পথে পা দেয় সে। ছবিতে দুর্দান্ত অভিনয় করে অমিতাভ বচ্চন জাতীয় পুরস্কার পান। লামহে (১৯৯১): যশ চোপড়া পরিচালিত অসম বয়সের ব্যতিক্রমী প্রেমের ছবি লামহে। বলিউডে সাহসী পদক্ষেপ। কাহিনিতে ব্যাপক গভীরতার পাশাপাশি হাসির খোরাকও আছে। অসাধারণ অভিনয় করেছেন অনিল কাপুর ও শ্রীদেবী। ফিল্মফেয়ারে সেরা ছবি, সেরা কাহিনি, সেরা অভিনেত্রী ও সেরা কমেডিয়ানের পুরস্কার পায় ছবিটি। নাইনটিন ফোরটি টু এ লাভ স্টোরি (১৯৯৪): বিধু বিনোদ চোপড়ার মিষ্টি প্রেমের গল্প। আর ডি বর্মনের সুর করা শেষ ছবি এটি। প্রথম ভারতীয় ছবি হিসেবে ছবিতে ডলবি স্টেরিও সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়। ফিল্মফেয়ারে পাঁচটি পুরস্কার পায় ছবিটি। হাম আপকে হ্যায় কৌন (১৯৯৪): দুটি ভারতীয় পরিবারের সম্পর্ক, বিয়ে, প্রেম, ভরপুর গান এসব মিলে সুরাজ বারজাতিয়ার পারিবারিক এ ছবি বলিউডের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি রুপি আয় করে। সেরা ছবি, সেরা পরিচালকসহ ফিল্মফেয়ারে পাঁচটি পুরস্কারও পায় ছবিটি। ব্যান্ডিট কুইন (১৯৯৪): দস্যুরানি ফুলন দেবীর কাহিনি অবলম্বনে নির্মিত শেখর কাপুরের এ ছবিতে অত্যাচারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়টি দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মূল চরিত্রে সীমা বিশ্বাস অসাধারণ অভিনয় করে জাতীয় পুরস্কার পান। ছবিটি ফিল্মফেয়ারে সেরা ছবি ও সেরা পরিচালকের পুরস্কার পায় ।
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (১৯৯৫): বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল ছবিগুলোর একটি। রোমান্টিক এ ছবিটি মুক্তির পর থেকে মুম্বাইয়ের মারাঠা মন্দির থিয়েটারে বিরামহীন প্রদর্শিত হয়ে রেকর্ড গড়ে তুলেছে। আদিত্য চোপড়া পরিচালিত শাহরুখ ও কাজল অভিনীত ছবিটি সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা-অভিনেত্রীসহ মোট ১০টি পুরস্কার পায় ফিল্মফেয়ারে।
মাচিস (১৯৯৬): ১৯৮০-এর দশকে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হত্যার পর পাঞ্জাবের শিখদের ওপর পুলিশি অত্যাচার ও পরবর্তী সময়ে নিরীহ এক পাঞ্জাবির সন্ত্রাসী হয়ে যাওয়ার কাহিনি তুলে ধরা হয়েছে ছবিতে। বর্ডার (১৯৯৭), কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮): নব্বইয়ের দশকের অন্যতম সেরা রোমান্টিক ছবি। শাহরুখ-কাজল আবারও পর্দায় রং ছড়িয়েছেন এ ছবির মাধ্যমে। করণ জোহর পরিচালিত ছবিটি ব্যবসায়িকভাবে ব্যাপক সাফল্যের পাশাপাশি সেরা ছবি, পরিচালক, অভিনেতা-অভিনেত্রীসহ আটটি পুরস্কার পায় ফিল্মফেয়ারে।
এ ছাড়া, দীক্ষা (১৯৯১), হাম (১৯৯১), জো জিতা ওহি সিকান্দার (১৯৯২), বাজিগার (১৯৯৩), দামিনী (১৯৯৩), আন্দাজ আপনা আপনা (১৯৯৪), রঙ্গিলা (১৯৯৫), দিল তো পাগাল হ্যায় (১৯৯৭), ভিরাসাত (১৯৯৭), নাইনটিন ফোরটি সেভেন আর্থ (১৯৯৮), সাতয়া (১৯৯৮), হাম দিল দে চুকে সানাম (১৯৯৯) নব্বইয়ের দশকে উল্লেখযোগ্য ছবি।
আহমেদ শরীফ
তথ্যসূত্র: কালচারোপিডিয়া ডট কম, ক্রিয়েটিভ ডট সুলেখা ডট কম, উইকিপিডিয়া, আইএমডিবি, জি নিউজ ডট ইন্ডিয়া ডট কম