২ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন ঋতুপর্ণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ জানুয়ারি, না হয় ২ ফেব্রুয়ারিতেই ঢাকায় আসছেন কলকাতার চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। চিত্রনায়ক ফেরদৌস প্রযোজিত এবং নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘এক কাপ চা’ ছবির শুটিংয়ের জন্যই ঢাকা আসছেন তিনি। ঋতুপর্ণার এবারের সফর হবে মোট পাঁচ দিনের। তার মধ্যে চার দিন তিনি শুটিংয়ে অংশ নেবেন। ছবিতে ঋতুপর্ণার অভিনীত চরিত্রের নাম দিলরুবা। যিনি কি-না পানশালার সর্দারণী। ছবিতে তাঁকে একটি আইটেম গান এবং তিনটি দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। এ দৃশ্যগুলো ঢাকা ও কলকাতা দুই জায়গাতেই শুটিং করা হবে বলে জানান পরিচালক। নুজহাত ফিল্মস ও ধানুকা ব্রাদার্স প্রাইভেট লিমিটেড প্রযোজিত-পরিবেশিত এক কাপ চা ছবিটি দুই বাংলায় একসঙ্গে মুক্তি দেওয়া হবে। উল্লেখ্য, ১৪ অক্টোবর থেকে শুরু হওয়া এক কাপ ছবিটির শুটিং এরই মধ্যে ৬০ শতাংশ শেষ হয়েছে। ফেব্রুয়ারিতে ঢাকা ও কলকাতায় শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হবে এক কাপ চা ছবির পুরো শুটিং। ছবিটি আগামী পয়লা বৈশাখে দর্শকদের জন্য উন্মুক্ত হচ্ছে।