২০ কোটি রুপির প্রস্তাব ফেরালেন হূতিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি মুঠোফোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করার জন্য বলিউড অভিনেতা হূতিক রোশনকে ২০ কোটি রুপির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বিজ্ঞাপনচিত্রটির কাহিনি পছন্দ না হওয়ার কারণে প্রস্তাবটিকে স্রেফ না করে দিয়েছেন তিনি। এক খবরে এ তথ্য জানিয়েছে মিড ডে।পর্দা উপস্থিতির ক্ষেত্রে হূতিক রোশন বেশ খুঁতখুঁতে স্বভাবের। তাঁর কাছে প্রথম বিচার্য কাজের থিম বা ভাবনা, এটি পছন্দ হলে তারপরই তিনি পারিশ্রমিক নিয়ে ভাবেন। কিন্তু কেউ টাকাকেই মূখ্য মনে করলে হূতিককে সে কাজে পাওয়ার ক্ষেত্রে ভুল চিন্তাই হবে। এজন্যই নাকি ২০ কোটি রুপির প্রস্তাব পাওয়া সত্ত্বেও স্রেফ কাহিনি পছন্দ না হওয়ার কারণেই বিজ্ঞাপনচিত্রটির কাজ ফিরিয়ে দিয়েছেন হূতিক। এদিকে হূতিকের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘মুঠোফোনের বিজ্ঞাপনটির জন্য হূতিককে প্রথমে ১৫ কোটি রুপির প্রস্তাব দেওয়া হয়েছিল। এরপর এ কাজের জন্য তাঁর পারিশ্রমিক ৫ কোটি রুপি বাড়িয়ে তা ২০ কোটি করা হয়। কিন্তু তারপরও প্রতিষ্ঠানটির কোনো লাভ হয়নি। বিজ্ঞাপনচিত্রটির কাহিনি পছন্দ না হওয়াতে হূতিক তাতে কাজ করতে রাজি হননি। ঘনিষ্ঠ সূত্রটি আরও জানিয়েছে, হূতিকের কাছে টাকা মূখ্য ব্যাপার নয়, এমনকি কোনো কাজের ক্ষেত্রে পুরোপুরিভাবে মুগ্ধ না হওয়া পর্যন্ত সে কাজটির জন্য সম্মতিও জানান না তিনি। এ বিজ্ঞাপনচিত্রটির ক্ষেত্রেও তেমনই হয়েছে।