২০ প্রেক্ষাগৃহে ‘কমন জেন্ডার’
কমন জেন্ডার ছবিটি ঢাকায় প্রথম মুক্তি পায় ২২ এপ্রিল। তখন ছবিটি মুক্তি পেয়েছিল ছয়টি প্রেক্ষাগৃহে। ছবির পরিচালক নোমান রবিন বললেন, ‘দেশের বাইরের কয়েকটি উৎসবে অংশ নেওয়ার জন্য একটু তাড়াহুড়ো করে তখন মুক্তি দিয়েছিলাম। তেমন কোনো পরিকল্পনা করে কিছু করা হয়নি। ছবিটি তৈরি করেছি ডিজিটাল প্রযুক্তিতে। এবার শুরুতে ঢাকাসহ দেশের ২০টি প্রেক্ষাগৃহে ডিজিটাল প্রযুক্তিতে ছবিটি প্রদর্শনের ব্যবস্থা নিয়েছি। এরপর পর্যায়ক্রমে ছবিটি আরও ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।’তিনি জানান, কমন জেন্ডার ছবিটি এবার মুক্তি পাবে ২১ ডিসেম্বর।নোমান রবিন জানান, গত ২০ অক্টোবর গোল্ডেন গ্লোবস প্রতিযোগিতার বিচারক ও ভোটাররা কমন জেন্ডার ছবিটি দেখেছেন। ৭০তম গোল্ডেন গ্লোবস প্রতিযোগিতার বিদেশি ভাষার ছবি বিভাগে প্রাথমিক বাছাইয়ের জন্য তাঁরা ছবিটি দেখেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দ্য চার্লস আইডকিফ হলে। প্রতিবছর গোল্ডেন গ্লোবস প্রতিযোগিতার আয়োজন করে ‘দ্য হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন’।এরপর ১০ নভেম্বর গোল্ডেন গ্লোবস প্রতিযোগিতার বিচারকেরা দেখেছেন বাংলাদেশের আরেকটি ছবি, ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত হুমায়ূন আহমেদের ঘেটুপুত্র কমলা। ২১ ডিসেম্বর প্রতিযোগিতার মনোনয়নের তালিকা প্রকাশ করবে গোল্ডেন গ্লোবস কর্তৃপক্ষ। আর পুরস্কার দেওয়া হবে আগামী বছরের ১৩ জানুয়ারি, বেভারলি হিলের হিলটন হোটেলে।