২০ বছরের পথচলা

১৯৯৩ সালের ১২ অক্টোবর। গঠন করা হয় নতুন ব্যান্ড ‘পেন্টাগন’। মোহাম্মদ আলী সুমন, শওকত আলী ইমন, রঞ্জন, শেলী আর বাবু—তাঁরাই ছিলেন তখন এই ব্যান্ডের সদস্য। এরপর পেরিয়ে গেছে ২০ বছর। পুরোনো সদস্যদের মধ্যে এখনো এই ব্যান্ডের সঙ্গে যুক্ত আছেন সুমন। ২০ বছর পূর্তিতে সবাইকে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি বলেন, ‘এটা আমাদের জন্য একটা মিউজিক্যাল জার্নি। এই সংগীতসফরের সঙ্গে জড়িয়ে আছে অনেক আবেগ, রাগ-অনুরাগ। অনেক চড়াই-উতরাই আমাদের পেরোতে হয়েছে।’
২০ বছর পূর্তিটা স্মরণীয় করে রাখতে চান পেন্টাগনের এ সময়ের সদস্যরা। ওই দিন রাজধানীর বেইলি রোডের ক্যাফে থার্টি থ্রিতে এক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পেন্টাগনের আরেকজন সদস্য অনিতা। তিনি বলেন, ‘১২ অক্টোবর আমরা পেন্টাগনের পুরোনো সব সদস্যকে আমন্ত্রণ জানিয়েছি। পাশাপাশি এই দীর্ঘ সময়ে যাঁরা পেন্টাগনকে নানাভাবে সহযোগিতা করেছেন, পেন্টাগনের পাশে ছিলেন—তাঁরাও থাকবেন এই অনুষ্ঠানে। আমরা আশা করছি, ঈদের আগে ব্যান্ড তারকাদের এক মিলনমেলা হবে সেদিন।’
অনিতা জানান, ২০ বছর পূর্তির আনন্দ তাঁরা দর্শক-শ্রোতাদের সঙ্গেও ভাগ করবেন। ২০ অক্টোবর মাছরাঙা টিভিতে আর ২৫ অক্টোবর দেশ টিভিতে তাঁরা দুটি লাইভ শোয় গান করবেন। ২০ বছর পূর্তির আনন্দের পুরো আমেজ থাকবে এই দুটি অনুষ্ঠানে।