
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উৎসবকে কেন্দ্র করে কলকাতায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘নজরুল মেলা’। গতকাল শুক্রবার বিকেলে ২০০ জন শিল্পীর কণ্ঠে ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন হয়। কলকাতার নতুন শহর রাজারহাটের নজরুল তীর্থে আয়োজন করা হয় এই ‘নজরুল মেলা’র। এই মেলা আয়োজন করেছে কলকাতার ছায়ানট। এবার এই মেলায় যোগ দিয়েছেন বাংলাদেশের ২৫ জন শিল্পী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের শিল্পী ফাতেমা-তুজ-জোহরা, বুলবুল মহলানবীশ, নাশিদ কামাল, কামরুল ইসলাম প্রমুখ। আর কলকাতা থেকে প্রদীপ ঘোষ, দেবাশীষ বসু, সুস্মিতা গোস্বামী, মল্লার ঘোষ, চন্দ্রাবলী রুদ্র দত্ত, মধুমিতা বসু, বিনোদ ঘোষাল প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকাতার ছায়ানটের সভাপতি সোমঋতা মণ্ডল।

তিন দিনের এই নজরুল মেলায় থাকছে কাজী নজরুল ইসলামকে নিয়ে আঁকা নানা ছবি, ডাকটিকিট, মুদ্রা, আলোকচিত্রের প্রদর্শনী। এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে নজরুল তীর্থর আর্ট গ্যালারিতে আর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে নজরুল তীর্থের মুক্ত মঞ্চে।
এ ছাড়া এদিন কোয়েস্ট ওয়ার্ল্ড থেকে ‘ইতি নজরুল’ নামের একটি অডিও অ্যালবাম প্রকাশিত হয়। এখানে দুই বাংলার ৪১ জন শিল্পী কাজী নজরুল ইসলামের ৫৭টি পত্র পাঠ করেন। এই তিন দিনে থাকছে সংগীতানুষ্ঠান, আবৃত্তি, নৃত্যানুষ্ঠান ও আলোচনা সভা।