২০০টি সংলাপের মধ্যে উর্দুতে ১৭৬টি

নাটকের নাম ভাষা আন্দোলনের প্রথম সংগ্রাম। গল্প সত্যেন সেনের। নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। পুরো নাটকে ৩০টি দৃশ্য। মোট সংলাপ ২০০টি। এর মধ্যে উর্দুতে সংলাপ রয়েছে ১৭৬টি। বাকিগুলো বাংলায়।
সুমন আনোয়ার বলেন, ‘নাটকে মেয়েটির বাড়ি বর্ধমানে। বিয়ের পর সে দিনাজপুর আসে শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ি খুব বনেদি পরিবার। তাদের পূর্বপুরুষ এসেছিল ইরান থেকে। বাড়িতে অন্য কোনো ভাষা নয়, শুধুই উর্দু ব্যবহার করা হয়। নতুন বউকেও উর্দু শেখার জন্য চাপ দেওয়া হয়। কিন্তু মেয়েটি একসময় বাড়ির অন্দরমহলে বাংলাকে প্রতিষ্ঠিত করে। ভাষা আন্দোলনের আগে এমনি ভাবে অনেকেই সংগ্রাম করেছেন। কিন্তু আমরা তাঁদের কজনের কথাই বা জানি। সেদিক থেকে সত্যেন সেনের গল্পটি আমার কাছে অনেক বেশি প্রাসঙ্গিক বলে মনে হয়েছে।’
নাটকটির শুটিংয়ের সময় শিল্পীদের উর্দু ভাষায় সংলাপ বুঝিয়ে দেওয়ার জন্য ছিলেন প্রশিক্ষক। নাটকে অভিনয় করেছেন তিশা, রওনক হাসান প্রমুখ। আরটিভিতে নাটকটি প্রচারিত হবে আগামী ২১ ফেব্রুয়ারি।