২০১০ নতুন নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর ঢাকার মঞ্চে উল্লেখযোগ্যসংখ্যক নতুন নাটক এসেছে। বছরের শুরুতে ১০ জানুয়ারি স্টুডিও থিয়েটার হলে থিয়েটারওয়ালা রেপার্টরি মঞ্চে আনে শাইলক অ্যান্ড সিকোফ্যান্টস নাটকটি। শাহযাদ ফিরদাউসের লেখা শাইলকের বাণিজ্য বিস্তার থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি লিখেছেন হাসান শাহরিয়ার আর নির্দেশনার কাজটি করেছেন আজাদ আবুল কালাম। জানুয়ারির ২৩ তারিখে সময় সাংস্কৃতিক গোষ্ঠী জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উদ্বোধন করে শেষ সংলাপ নাটকটি। তাওফিক আল হাকীমের সুলতানুজ জান্নাম অবলম্বনে নাটকটি লিখেছেন সৈয়দ জামিল আহমেদ ও ম সাইফুল ইসলাম আর নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। এর আগে নাট্যকেন্দ্র মঞ্চে আনে ডালিম কুমার নাটকটি। শুভাশিস সিনহার লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক। নতুন নাটকের দল নাট্যবেদ প্রথম প্রযোজনা হিসেবে মঞ্চে আনে মন পবনের নাও নাটকটি। বিভাষ চক্রবর্তীর মধাব মালঞ্চ কইন্যা অবলম্বনে সংযোজন, পরিমার্জন ও নির্দেশনার কাজটি করেছেন দীপক রায়। নাটকটি ঢাকার বাইরে ময়মনসিংহের শিল্পকলা একাডেমী মঞ্চে ৮ মে উদ্বোধন হয়। এদিকে সুবচন নাট্যসংসদ বাউলসম্রাট শাহ আবদুল করিমের জীবন নিয়ে মঞ্চে আনে মহাজনের নাও নাটকটি। এটি জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে উদ্বোধন হয় ১৮ জুন। শাকুর মজিদের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। আরণ্যক নাট্যদল হ্যামলেট অবলম্বনে স্টুডিও থিয়েটার হলে ৬ অক্টোবর নিরীক্ষাধর্মী প্রযোজনা টু িব অর নট টু বি মঞ্চে আনে। এটির নির্দেশনা দিয়েছেন আবুল হাসেম মাসুদুজ্জামান আর ৭ অক্টোবর একই দল একই হলে উদ্বোধন করে ইডিপাস অবলম্বনে অয়দিপাউস নাটকটি। নির্দেশনা দিয়েছেন দীপক সুমন। নাট্যশালার মূল মিলনায়তনে থিয়েটারের বারামখানা নাটকটির উদ্বোধন হয় ২২ অক্টোবর। সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি লিখেছেন পান্থ শাহরিয়ার আর নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। ৭ নভেম্বর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উদ্বোধন হয় সৈয়দ শামসুল হকের লেখা বাংলার মাটি বাংলার জল। পালাকারের এই নাটকটির নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। নাগরিক নাট্যসম্প্রদায় ১০ ডিসেম্বর নতুন নাটক হিসেবে মঞ্চে আনে মনোজ মিত্রের ঘাষিরাম কোতোয়াল। নাটকটির উদ্বোধন হয় পরীক্ষণ থিয়েটার হলে। নির্দেশনা দিয়েছেন পান্থ শাহরিয়ার। নাগরিক নাট্যাঙ্গন ১৪ ডিসেম্বর মূল মিলনায়তনে উদ্বোধন করে পুষি বিড়াল ও একজন প্রকৃত মানুষ নাটকটি। প্রৈতী হকের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন লাকী ইনাম। থিয়েটার আরামবাগ এ বছর মঞ্চে এনেছে গাজী রাকায়েতের নির্দেশনায় জন্মসূত্র নাটকটি। ২৫ অক্টোবর জলমাংক নাটকটির উদ্বোধন হয় পরীক্ষণ থিয়েটার হলে। নাসরীন মুস্তাফার লেখা পদাতিক নাট্যসংসদের এই নাটকের নির্দেশনা দিয়েছেন মীর মেহবুব আলম নাহিদ। নতুন দল নটরণের প্রথম প্রযোজনা হিসেবে মঞ্চে এসেছে মুক্তিযুদ্ধের নাটক অমাবস্যার কারা নাটকটি। প্রীতিশকুমার বলের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। দ্যাশ বাংলা থিয়েটার সেলিম আল দীনের জুলাল নাটকটির উদ্বোধন করে স্টুডিও থিয়েটার হলে ৯ ডিসেম্বর। এটির নির্দেশনা দিয়েছেন প্রবীর গুহ। ৩১ ডিসেম্বর স্টুডিও থিয়েটার হলে সংলাপ গ্রুপ থিয়েটার বদলান নাটকটির উদ্বোধন করবে। আজ উদ্বোধন হবে মণিপুরি থিয়েটারের কহে বীরাঙ্গনা। এ ছাড়া এ বছর দেশ নাটকের শামসুল আলম বকুলের নির্দেশনায় প্রাকৃত পুরঙ্গনা, গাজী রাকায়েতের নির্দেশনায় থিয়েটার আরামবাগের জন্মসূত্রসহ একাধিক নতুন নাটক মঞ্চে এসেছে।