২০১৩ সাল ও কুমার বিশ্বজিৎ
২০১৩ সাল কুমার বিশ্বজিতের জন্য গুরুত্বপূর্ণ একটি বছর। এ বছর নিজের সংগীতজীবনের শেষ অডিও অ্যালবাম করছেন তিনি। অ্যালবামটি তৈরির দায়িত্ব দিয়েছেন প্রিন্স মাহমুদকে। গান থেকে ক্রমেই নিজেকে গুটিয়ে নেবেন। পারিবারিক ব্যবসা, চট্টগ্রামের হোটেল সেন্টমার্টিন। গানের জন্য ব্যবসার দিকে একেবারেই মন দিতে পারেননি। এরই মধ্যে কেটে গেছে অনেকগুলো বছর। এবার পৈতৃক ব্যবসা কুমার বিশ্বজিতের সঙ্গ চাইছে। কুমার বিশ্বজিতের সিদ্ধান্ত, ‘এখন আর সময় নেই। দেখতেই হবে।’ এরপর আছে পরিবার। ছেলে নিবিড় বড় হচ্ছে। কুমার বিশ্বজিৎ তাঁর বাবাকে হারিয়েছেন ১৮ বছর হলো। বাবা কী—তা তিনি এখন বেশ অনুভব করেন। গান গান করে বাবার সান্নিধ্য খুব একটা পাননি তিনি। বাবাও বুঝতে পেরেছিলেন, ছেলে গানপাগল। ছেলের বন্ধুদের কাছ থেকে ছেলের জনপ্রিয়তার কথা শুনতেন, আর মুগ্ধ হতেন বাবা। বাবার জীবনের শেষ দিনগুলো এখনো কুমার বিশ্বজিতের চোখের সামনে ভাসে। বাবা তাঁর কাঁধে ভর দিয়ে হাঁটার চেষ্টা করতেন। কুমার বিশ্বজিৎ নিজে তাঁর ছেলেকে সেই অভাব বুঝতে দিতে চান না। তাই এখন থেকে যতটা সম্ভব ছেলেকে সময় দিচ্ছেন। রোববার। তখন অনেক রাত। উত্তরায় কুমার বিশ্বজিতের বাসায় আড্ডা জমে উঠেছে। ওদিকে তাঁর স্ত্রী এসে বারবার তাড়া দিচ্ছেন রাতের খাবারের জন্য। বাসায় মেহমান এসেছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে, তাঁদের পারিবারিক বন্ধু। কুমার বিশ্বজিৎ স্ত্রীকে অনুরোধ করলেন তাঁদের সময় দেওয়ার জন্য। নিজে মন দিলেন আড্ডায়। ২০০৯ সাল। স্বামী-স্ত্রীর ওয়াদা ছবির ‘একটা চাঁদ ছাড়া রাত আঁধার কালো’ গানটি তিনটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। গীতিকার কবির বকুল আর সুরকার ও কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। এক বছর পর ২০১১ সালে আবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। ছবির নাম প্রজাপতি। আর গানটি হলো ‘ছোট ছোট আশা, খুঁজে পেল ভাষা’। এবারও একই গান পেয়েছে তিনটি বিভাগে পুরস্কার। গীতিকার শফিক তুহিন, সুরকার হাবিব ওয়াহিদ এবং কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। কুমার বিশ্বজিৎ বললেন, ‘আমি হাবিবের সঙ্গে কখনো কাজ করিনি। একদিন ওর বাবা ফেরদৌস ওয়াহিদ আমাকে গানটি গাওয়ার জন্য অনুরোধ করলেন। আমিও রাজি হয়ে গেলাম।’দিনে নয়, হাবিব তাঁর গানের কাজ করেন রাতে। রাজধানীর গ্রিনরোড এলাকায় তাঁর স্টুডিওতে আমন্ত্রণ জানালেন কুমার বিশ্বজিৎকে। রাত তখন ১০টা। না, গান নয়, শুরু হলো আড্ডা। মিউজিক ট্র্যাক আগেই তৈরি করা হয়েছিল। কুমার বিশ্বজিৎ যখন গানটিতে কণ্ঠ দেন, ঘড়িতে তখন রাত দুইটা। কথায় কথায় স্টুডিও থেকে বেরিয়ে আসেন তিনি। কিন্তু গানটির জন্য কোনো পারিশ্রমিক পেলেন না সেদিন। ভেবেছিলেন, হাবিব হয়তো ভুলেই গেছে। মাস দেড়েক পর গানটির স্লোভার্সনে কণ্ঠ দিতে আবারও সেই স্টুডিওতে গেলেন। এবারও পারিশ্রমিক নিয়ে কোনো কথা হলো না। কুমার বিশ্বজিৎ বললেন, ‘গানটি গাওয়ার পর মনে হলো, গানটি আমাকে বড় কিছু এনে দিতে পারে। তাই পরে সিদ্ধান্ত নিলাম, এই গানের পারিশ্রমিক আমি নেব না। নিইনি। আমার সেদিনের সেই বিশ্বাস আজ সত্যি হয়েছে।’রাতের খাবারের শেষে কুমার বিশ্বজিৎ আর তাঁর স্ত্রী ঘুরে দেখালেন তাঁদের নতুন বাড়ি। উত্তরায় ১১ নম্বর সেক্টরের এই বাড়িটি একেবারেই নতুন। মাস চারেক হলো তাঁরা এই বাড়িতে উঠেছেন। তিন কাঠা জায়গার ওপর চারতলা বাড়ি। পুরোটাতেই থাকে একটি পরিবার। কুমার বিশ্বজিতের ভাষায়, ‘পুরো বাড়িতে আমরা মাত্র তিনজন মানুষ।’কুমার বিশ্বজিৎ আর তাঁর স্ত্রীর স্বপ্ন, সঙ্গে আধুনিক স্থাপত্য নকশার মেলবন্ধন ‘নিবিড়ালয়’। পুরো বাড়িতেই পানির শব্দ। নিচে টেরাকোটার কাজ। সেই টেরাকোটায় আছে কান, বাদ্যযন্ত্র আর স্টাফনোটেশন। এই অঙ্গনের নাম, ‘দেয়ালেরও কান আছে’। ছাদে রাখা হয়েছে লম্বা দেয়াল। বাংলাদেশের সংগীতের বরেণ্য ব্যক্তিত্বদের হাতের ছাপ আর স্বাক্ষর থাকবে এই দেয়ালে। এই দেয়ালের নাম, ‘দেয়ালেরও প্রাণ আছে’। এই বাড়িতে আরও আছে হোম থিয়েটার, পাঠাগার, গানের স্টুডিও। ছাদে আছে সুইমিংপুল; আম, কামরাঙ্গা আর পেয়ারাগাছ।রাত বাড়ছে। আড্ডা শেষ। সিঁড়িতে নামতে নামতে কুমার বিশ্বজিৎ বললেন, ‘বাকি জীবনটা একটু শান্তিতে কাটাতে চাই। সীতাকুন্ডে যেতে চাই, আমার পৈতৃক বাড়িতে। সেখানে পাহাড় দেখব, নদী দেখব, সাগর দেখব। এর চেয়ে শান্তি আর কী হতে পারে!’আড্ডার শুরুতেই তিনি বলেছিলেন, এ বছরই তিনি তাঁর শেষ অ্যালবামে কণ্ঠ দিতে চান। আমরা চাই, তিনি পরিবারকে সময় দিন, কিন্তু এটা যেন তাঁর শেষ অ্যালবাম না হয়।