২০১৩ সালের সেরা দশটি মেটাল অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গরগাটস ব্যান্ডদলের সদস্যরা
গরগাটস ব্যান্ডদলের সদস্যরা

২০১৩ সালে অসংখ্য মেটাল গানের দল তাদের অ্যালবাম বের করেছে। মেটাল ধারার আদিপুরুষ থেকে শুরু করে বর্তমানের অনেক আধুনিক দলের অ্যালবাম এ বছর বের হয়েছে। তবে লাউডওয়্যার ম্যাগাজিন এসব অ্যালবামের মধ্য থেকে বেছে ২০১৩ সালের সেরা ১০টি অ্যালবাম নিয়ে একটি শীর্ষ তালিকা প্রকাশ করেছে। আনন্দ পাঠকদের জন্য সেই তালিকাটি তুলে দেওয়া হলো।
১০. কুইনসরাইক
বেশ কিছুদিন বিরতি দেওয়ার পর এ দলটির পুরোনো তিন সদস্য তাঁদের সঙ্গে ভোকাল হিসেবে টোড লা টোরেকে নিয়ে এ অ্যালবামটির কাজ করেন। তাদের সাবেক ভোকাল জিওক টেটের শূন্যস্থান পূরণ করেও নতুন ভোকাল আরও স্বকীয় কিছু গুণ তাঁর কণ্ঠের মধ্য দিয়ে প্রকাশ করতে সক্ষম হয়েছেন। নামানুসারেই এবার তাদের অ্যালবামের নাম কুইনসরাইক রাখা হয়।
৯. ইহসান
ব্ল্যাক মেটাল ভোকালিস্ট ভেগার্ড শ্যার ‘ইহসান’ ভিইটান পরিচিতি পেয়েছিলেন ‘এম্পোরোর’-এর ভোকাল হিসেবে। তাঁর একক অ্যালবামগুলোও খুব নিরীক্ষাধর্মী ছিল। এ কারণে তিনি শ্রোতাদের মাঝে ভিন্ন একটা স্থান দখল করতে পেরেছেন। ডাস সিলেনব্রেহেন শীর্ষক তাঁর নতুন অ্যালবামটিতে তিনি অসাধারণ কিছু কাজ করেছেন।
৮. কাইলেসা
আলট্রাভায়োলেট শীর্ষক অ্যালবামটিতে তারা যেন যুগ যুগ ধরে মেটালের যে সৌন্দর্য, সেটা নিয়ে কাজ করেছে। তারা তাদের ভারী শব্দের সঙ্গে এবার অনেক সুরেলা গানও করেছে।
৭. মোটরহেড
কিংবদন্তি রক দল মোটরহেড তাদের ২১তম অ্যালবাম আফটার শক বের করেছে। তিনজন সদস্যের এ দলটি হার্ড রক, হেভি মেটালের ইতিহাসে আসনটি আরও আগেই পাকাপোক্ত করেছে। তাদের ৩৮ বছরের যাত্রাপথে নতুন এ অ্যালবামটি এখন বেশ সাড়া ফেলে দিয়েছে। তারা যেন নতুন করেই নিজেদের আবার খুঁজে নিয়েছে।
৬. ড্রিম থিয়েটার
ড্রিম থিয়েটারের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করার পর নতুন অ্যালবামটি পেয়ে খুশি। দলের নামানুসারেই এবার তাদের ড্রিম থিয়েটার অ্যালবামটি বের হয়েই সাড়া ফেলে দিয়েছে। প্রগ্রেসিভ মেটালের সবচেয়ে উল্লেখযোগ্য অ্যালবাম হিসেবে তাতে অনবদ্য কিছু সৃষ্টি শ্রোতারা এ বছর পেলেন।

৫. ব্ল্যাক স্যাবাথ
হেভিমেটালের পথিকৃৎ ব্ল্যাক স্যাবাথ এ বছর থার্টিন শীর্ষক অ্যালবাম বের করেছে। ওজি ওসবোর্ন, টনি আয়োমি, গিজার বাটলার ৩৫ বছর পর একসঙ্গে অ্যালবামটিতে কাজ করেন।
অ্যালবামের গানগুলোতে ক্যানসার-আক্রান্ত গিটারিস্ট টমি আয়োমির অসাধারণ গিটারবাদন মনে রাখার মতো। আর ওজি ওসবোর্ন ও গিজার বাটলার তো আছেনই।

৪. ডেফহেভেন
এ দলটি পোস্ট রকের সঙ্গে ব্ল্যাক মেটাল ধারার মিশ্রণে গান করে। তাদের গানের আবহের মধ্যে শ্রোতা নিজেকে হারিয়ে ফেলতে বাধ্য হবেন। মানবেদার শীর্ষক অ্যালবামটি অত্যন্ত পরিমিত একটি অ্যালবাম। যেখানে পোস্ট রক ও ব্ল্যাক মেটাল ধারা অত্যন্ত সুন্দরভাবে মেশানো হয়েছে।

৩. দ্য ওশান
জার্মান এ দলটি অল্প কয়েক বছরেই বেশ পরিচিতি পেয়েছে। পেলাগিয়াল শীর্ষক তাদের নতুন অ্যালবামে পোস্ট মেটাল ও মেটালকোর ধারার মিশ্রণ ঘটানো হয়েছে।

২. গোস্ট বিসি
২০১১ সালের সফল অ্যালবাম ওপাস এপোনিমাস-এর পর তাদের ইনফেস্টি সুনাম অ্যালবামটি কিছুদিন আগে বের হয়েছে। গির্জার সংগীতের সঙ্গে মেটালের সংমিশ্রণে তারা মূলত গান করে।

১. গরগাটস
শীর্ষ তালিকার প্রথম স্থানটি ধরে আছে ‘গরগাটস’ নামক এই ডেথ মেটাল দলটি। কালারড স্যান্ডস শীর্ষক নতুন অ্যালবামটি শ্রোতাদের সামনে তাদের আবার তুলে ধরেছে। দীর্ঘ ১২ বছর বিরতির পর তারা এই অ্যালবাম বের করেছে। টেকনিক্যাল ডেথ মেটাল ধারার এ দল এবার তাদের গানে নতুনত্ব এনেছে।
 মনোয়ারুল হক