২০২০ বছরটি হতে পারে সিনেমার

বেশ কয়েক বছরের ধারাবাহিকতায় ২০১৯ সালটাও হতাশার পথে চলল ঢাকার চলচ্চিত্র। তেমন কোনো চমক ছিল না বছরজুড়ে। তবে ২০২০ সালে ঢাকার চলচ্চিত্রে খানিকটা আলোর ঝিলিক দেখা যাচ্ছে। কারণ, নতুন বছরের প্রথম ছয় মাসে প্রায় ডজন খানেক বড় বাজেটের ছবি মুক্তির প্রক্রিয়ায় রয়েছে। অনেকেই এই বছরকে চলচ্চিত্রের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন।
মুক্তির মিছিলে আছে গিয়াস উদ্দিন সেলিমের পাপপুণ্য, কাজী হায়াতের বীর, রবিন খানের মন দেব মন নেব, রায়হান রাফির দুটি ছবি পরান ও ইত্তেফাক, এম এ রাহিমের শান, যৌথভাবে ফয়সাল আহমেদ ও সানী সানোয়ারের মিশন এক্সট্রিম, নাদের চৌধুরীর জ্বীন, শামীম আহমেদ রনির দুটি ছবি শাহেনশাহ ও বিক্ষোভ, চয়নিকা চৌধুরীর বিশ্বসুন্দরী, দীপংকর দীপনের অপারেশন সুন্দরবন, সৈকত নাসিরের ক্যাসিনো, শাহিন সুমনের ক্রিমিনাল, অঞ্জন আইচের আগামীকাল, সাইফ চন্দনের ওস্তাদ, অনন্য মামুনের মেকআপ ইত্যাদি ছবিগুলো।
কোনো কোনো ছবির শুটিং শেষ হয়েছে, কোনো কোনোটির শেষের পথে। দু–একটি ছবির প্রথম ধাপের শুটিং চলছে। ছবিগুলোর প্রযোজক ও পরিচালক সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারির ভালোবাসা দিবস, মার্চের স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতরে মুক্তি পাবে এই সব ছবি। সেন্সর ছাড়া মুক্তির প্রক্রিয়া শেষ পর্যায়ে বিশ্বসুন্দরী ছবির। এর পরিচালক চয়নিকা চৌধুরী জানান, ২৪ জানুয়ারি বিশ্বসুন্দরী মুক্তির দিন নির্ধারণ করা হয়েছে। জ্বীন ছবির পরিচালক নাদের চৌধুরী ও পরান ছবির পরিচালক রায়হান রাফি জানান, তাঁদের ছবি ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবসে মুক্তি পাবে। দুটি ছবিরই শুটিং শেষ হয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষে মন দেব মন নেব মুক্তির কথা জানালেন ছবির পরিচালক রবিন খান। প্রযোজক ও নায়ক শাকিব খান জানান, মার্চে তাঁর ছবি বীর মুক্তি পেতে পারে। একই মাসে আগামীকাল ও ক্যাসিনো মুক্তির কথা জানিয়েছেন ছবি দুটির পরিচালক অঞ্জন আইচ ও সৈকত নাসির। আগামীকাল ছবির শুটিং শেষ। বীর ও ক্যাসিনো ছবি দুটির শুটিং শেষের পথে।
এদিকে ঈদুল ফিতরে মিশন এক্সট্রিম, শান, শাহেনশাহ ও বিক্ষোভ ছবি মুক্তির সম্ভাবনা আছে। এরই মধ্যে শাহেনশাহ ও মিশন এক্সট্রিম ছবির কাজ শেষ। ছবি দুটির প্রথম পোস্টারও বের হয়েছে। শান ও বিক্ষোভ ছবির শুটিং প্রায় শেষ। শুটিং শেষ এবং পোস্ট প্রোডাকশনের কাজ চলছে পাপপুণ্য ছবির। পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘এখনো তারিখ নির্ধারণ করিনি। তবে ফেব্রুয়ারি মাসে মুক্তির একটা সম্ভাবনা আছে।’
ইত্তেফাক ও ওস্তাদ ছবি দুটি পয়লা বৈশাখে মুক্তির কথা জানিয়েছেন পরিচালকেরা। দুটি ছবিরই শুটিং প্রায় ৬০ ভাগ শেষ হয়েছে। বড় বাজেটের ছবি অপারেশন সুন্দরবন আগামী ঈদুল আজহাতে মুক্তির সম্ভাবনার কথা জানিয়েছেন পরিচালক দীপংকর দীপন। গত ২০ ডিসেম্বর থেকে এই ছবির শুটিং শুরু হয়েছে।
চলচ্চিত্র–সংশ্লিষ্টরা মনে করছেন ২০২০ সাল সিনেমার বছর হতে পারে। নতুন বছর থেকেই ঘুরে দাঁড়াবে সিনেমা। আগামী বছরের ঈদুল ফিতর পর্যন্ত মুক্তির তালিকায় থাকা বড় বড় বাজেটের সিনেমা সেই প্রত্যশা বাড়িয়ে দিয়েছে। ২০২০ সাল সিনেমার আশাবাদের কথা জানালেন সাবেক প্রযোজক নেতা নাসির উদ্দিন দিলু। তিনি বলেন, যেসব ছবি মুক্তির কথা শোনা যাচ্ছে তাতে ২০২০ সাল ভালো যাওয়ার সম্ভাবনা আছে। আরও কিছু বড় বাজেটের ছবির কাজ শুরুর প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, আগের নীতিমালায় যৌথ প্রযোজনার ছবি ভালোই যাচ্ছিল। নতুন নীতিমালা ঘোষণার পর থেকে যৌথ প্রযোজনার ছবি নির্মাণ থমকে গেছে। এখন নতুন নীতিমালা একটু সহজ করা দরকার।
প্রবীণ নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর মতে, ‘২০২০ সালে সিনেমাতে আশার আলো দেখা গেলে ভালো। তবে এখনো আশা দেখছি না। সিনেমা তো শেষ হয়ে গেছে। দর্শক হল ছেড়ে দিয়েছেন। ভালো গল্পকার নেই। ফলে দর্শকেরা সিনেমা প্রত্যাখ্যান করছেন। সিনেমার কোনো কিছুতেই আর সঠিক মানুষ নেই।’
পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘২০২০ সালে প্রথম ছয় মাসে যেসব ছবি মুক্তির তালিকায় দেখা যাচ্ছে, মনে হচ্ছে ২০২০ সালটা সিনেমার জন্য ভালো কিছু হতে যাচ্ছে।’
আগামী বছর মুক্তির তালিকায় থাকা শান, ইত্তেফাক, পাপপুণ্য, বিশ্বসুন্দরী ও অপারেশন সুন্দরবন ছবির নায়ক সিয়াম। ২০২০ সালটি সিনেমার জন্য সম্ভাবনার বছর মনে করেন তিনিও। সিয়াম বলেন, আগামী বছর বড় বাজেটের ভালো গল্পের ছবি মুক্তি পাবে। এই সুযোগটা কাজে লাগাতে সব ভেদাভেদ ভুলে গিয়ে প্রত্যেক শিল্পীর একে অপরের ছবির প্রচারণায় অংশ নেওয়া উচিত। পেশাদার প্রযোজকদের ফেরানোর সময় এটি।