২১ অক্টোবর 'এক পৃথিবী প্রেম'

এ বছরের ১২ আগস্ট মুক্তির দিন ঠিক হয়েছিল। কিন্তু সে যাত্রায় মুক্তি পায়নি ‘এক পৃথিবী প্রেম’ ছবিটি।
নতুন করে ২১ অক্টোবর মুক্তির দিন চূড়ান্ত হয়েছে ছবিটির। পরিচালক এস এ হক অলিক জানালেন, দেশজুড়ে বন্যা হওয়ার কারণে তখন ছবিটি মুক্তি দেওয়া হয়নি।
এ সময় ছবিটির মুক্তির বিষয়ে তিনি বলেন, ‘ঈদের সময় থেকে সিনেমায় দর্শকের আগ্রহ বেড়েছে। তাই এ সময়টা আমার কাছে উপযুক্ত মনে হয়েছে।’
৮ অক্টোবর রাত থেকে আনুষ্ঠানিকভাবে ছবির প্রচার প্রচারণা শুরু করেছেন ছবির পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা। ওই রাতেই এফডিসিসহ ঢাকার বিভিন্ন জায়গায় পরিচালক ও ছবির শিল্পীরা নিজ হাতে পোস্টারও লাগিয়েছেন।
এ ব্যাপারে ছবির পরিচালক বলেন, ‘দর্শককে ছবিটি দেখতে উৎসাহিত করতেই নিজেরাই পোস্টার লাগাচ্ছি। বিভিন্ন পূজামণ্ডপে যাচ্ছি ছবির নায়ক-নায়িকাকে নিয়ে।’
এই ছবি দিয়েই বড় পর্দায় অভিষেক হবে ছবির নায়ক আসিফ নূরের। মুক্তির আগে আগে দারুণ উত্তেজনার মধ্য দিয়ে দিনগুলো কাটছে তাঁর। তিনি বলেন, ‘বড় পর্দায় নিজেকে দেখার জন্য অপেক্ষা করছি। বড় স্বপ্ন নিয়ে এখানে এসেছি। নিজের সব চেষ্টা ঢেলে দিয়ে কাজটি করেছি। এখন ছবিটি দর্শকদের কাছে ভালো লাগলেই শ্রম, চেষ্টা সার্থক হবে।’
‘এক পৃথিবী প্রেম’ ছবিতে আসিফের বিপরীতে অভিনয় করেছেন আইরিন। আরও অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, আবুল হায়াত, আমিরুল হক চৌধুরী, শর্মিলী আহমেদ, সাদেক বাচ্চু, তুষার খান ম. সালাম প্রমুখ।