২১ জানুয়ারিতে মেহেরজান
আগামী ২১ জানুয়ারি মুক্তি পাচ্ছে রুবাইয়াত হোসেন নির্মিত চলচ্চিত্র ‘মেহেরজান’। ছবিটির মুক্তি উপলক্ষে আজ মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ছবির পরিচালক রুবাইয়াত হোসেন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, আশীর্বাদ চলচ্চিত্রের আশিক মোস্তফা এবং শিল্পী, কলাকুশলীসহ অনেকেই।মেহেরজান ছবির মূল গল্প একটি যুদ্ধ, মৃত্যু, ভালোবাসা ও প্রেরণাকে নিয়ে। একজন বীরঙ্গনা ও এক যুদ্ধশিশুর জীবনের গল্পই হচ্ছে মেহেরজান।সংবাদ সম্মেলনে ছবিটি সম্পর্কে পরিচালক রুবাইয়াত হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি গবেষণার বিষয় হিসেবে বেছে নিই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীরঙ্গনা ও নারীর ভূমিকার বিষয়কে। এ জন্য আমি ফেরদৌসি প্রিয়ভাষিণী, শাহীন আকতারসহ অনেকেরই কাছে যাই। এরপর তাঁদের কাছ থেকেই যুদ্ধাহত নারী মুক্তিযোদ্ধাদের গল্পগুলো শুনে মেহেরজান গল্পটির চিন্তা ঠিক করি।’রুবাইয়াত হোসেন আরও জানান, এরই মধ্যে ছবিটির সেন্সর নিয়ে কয়েকটি টেকনিক্যাল সমস্যা হয়েছিল। সেটা আমরা সমাধান করেছি। আগামী ১৮ জানুয়ারি ছবিটির মুক্তি উপলক্ষে প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভিক্টর ব্যানার্জি।মেহেরজান ছবিটির অন্যতম সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আছে চ্যানেল আই। অনুষ্ঠানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘আমরা সব সময় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণে সবাইকে উৎসাহিত করে থাকি। মেহেরজান ছবিটির ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি।’