২১ জুন যাত্রা শুরু করছে ‘একাত্তর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সংবাদ নয় সংযোগ’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করছে দেশের চতুর্থ সংবাদভিত্তিক চ্যানেল একাত্তর টেলিভিশন। ২১ জুন রাত আটটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেইমে ব্যতিক্রমী এক অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ সম্প্রচারে আসছে চ্যানেলটি। চ্যানেলটির বুলেটিনগুলোর নাম করা হয়েছে, ‘সংবাদ সংযোগ।’ ব্রেকিং নিউজের ক্ষেত্রে চ্যানেলটির ক্যামেরা চলে যাবে ঘটনাস্থলে, দেখানো হবে সচিত্র সংবাদ। অভিজ্ঞ ও নবীন কর্মীদের সঙ্গে নিয়ে শুধু সংবাদই নয়, তথ্য-বিনোদন ও সংবাদভিত্তিক অনুষ্ঠান প্রচারেও স্বকীয়তার ছাপ রাখতে চায় চ্যানেলটি। একাত্তরের চিঠি নিয়ে ধারাবাহিক ডকুফিকশন ‘একাত্তরের চিঠি’ এবং হাজার বছর বাংলার বিদ্রোহ নিয়ে ধারাবাহিক ডকুফিকশন ‘জ্বলে ওঠার গল্প’ প্রচারিত হবে একাত্তর টেলিভিশনে। একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্বে আছেন মোজাম্মেল বাবু। এর প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া জামান, বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান বার্তা সম্পাদক বায়েজিদ মিল্কী, বার্তা সম্পাদক সুজন কবির ও শহিদুল ইসলাম রিপন, কারেন্ট অ্যাফেয়ার্স সম্পাদক সামিয়া রহমান, ডেপুটি এডিটর (সংগীত) আলিফ আলাউদ্দিন প্রমুখ।একাত্তর টেলিভিশনের উপস্থাপনা বিভাগে রয়েছেন সামিয়া রহমান, আবদুন নূর তুষার, মিথিলা ফারজানা, মাহবুব হাসান, শারফুদ্দিন আনাম, বুশরা সারাজিন, নবনীতা চৌধুরী, শারমিন আব্বাসী প্রমুখ।