২১ ডিসেম্বর ফেরদৌস-নিপুণের ‘অন্তর্ধান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ নভেম্বর মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ফেরদৌস ও নিপুণ অভিনীত চলচ্চিত্র ‘অন্তর্ধান’। প্রথম আলো ডটকমকে ছবি মুক্তির ব্যাপারটি নিশ্চিত করেছেন পরিচালক অহিদুজ্জামান ডায়মন্ড। অহিদুজ্জামান ডায়মন্ড বলেন, ‘প্রাথমিকভাবে রাজধানী ঢাকার স্টার সিনেপ্লেক্স ও বলাকা সিনেওয়ার্ল্ড, রাজশাহীর একটি প্রেক্ষাগৃহসহ দেশের আরও কয়েকটি প্রেক্ষাগৃহে অন্তর্ধান ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এখন সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ তিনি আরও জানিয়েছেন, ১৮ ডিসেম্বর সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে অন্তর্ধান ছবির একটি বিশেষ প্রদর্শনী হবে। প্রেক্ষাগৃহে মুক্তির আগে অন্তর্ধান ছবিটি দেশের বাইরের কয়েকটি চলচ্চিত্র উত্সবে প্রদর্শিত হয়েছে। এ প্রসঙ্গে ডায়মন্ড বলেন, ‘এরই মধ্যে অন্তর্ধান ছবিটি গান্ধীনগর চলচ্চিত্র উত্সব, দিল্লির জাগরণ চলচ্চিত্র উত্সব, পাকিস্তান চলচ্চিত্র উত্সব এবং সর্বশেষ কলকাতা চলচ্চিত্র উত্সবে অংশ নিয়ে প্রশংসা পেয়েছে। এখন প্রেক্ষাগৃহে মুক্তির জন্য ছবিটি পুরোপুরি প্রস্তুত। বলতে পারেন, ছবি মুক্তির খবরে আমি বেশ আনন্দিত।’ নদীতীরবর্তী মানুষের জীবনযাপন নিয়ে অন্তর্ধান ছবির গল্প গড়ে উঠেছে। চাঁপাইনবাবগঞ্জের আলাতলিতে ছবিটির শুটিং শুরু হয়েছিল এবং শেষ হয়েছে পাবনার হার্ডিঞ্জ ব্রিজ এলাকায়।