২১ বছর পর নাটকে কাঙালিনী সুফিয়া
প্রায় ২১ বছর আগে ‘দেয়াল’ নামের একটি নাটকে সর্বশেষ অভিনয় করেছিলেন লোকগানের শিল্পী কাঙালিনী সুফিয়া। দীর্ঘ বিরতির পর আবারও টিভিতে দেখা যাবে তাঁর অভিনীত নাটক। নাম ‘নোনাজলের গল্প’। পরিচালক সাজ্জাদ রহমান।নাটকটিতে কাঙালিনী সুফিয়া গরিব একজন লোকশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি গান গেয়ে ভিক্ষা করে বেড়ান। সংসারে তাঁর একমাত্র নাতনি নূপুর ইসলাম। মায়ের মৃত্যুর পর দাদিই তাকে লালন পালন করে বড় করেছেন। একদিন গ্রামের মেম্বার নূপুরকে বিয়ে করার প্রস্তাব দেয়। দাদি তাঁর ভিটার একমাত্র বড় গাছটি বিক্রি করে নাতনির বিয়ে দেন। বিয়ের রাতে মৃত্যু হয় কাঙালিনীর। এরপর মেম্বারের নানান ষড়যন্ত্রের শিকার হয় পরিবারটি। নোনাজলের গল্প নাটকে অভিনয় প্রসঙ্গে কাঙালিনী সুফিয়া জানান, ‘গত বছর ঢাকার অদূরে উলুখোলা নামক জায়গায় নোনাজলের গল্প নাটকের শুটিং করেছিলাম। অনেক দিন পর অভিনয় করতে ভালোই লেগেছে। নাটকটির গল্পের সঙ্গে আমার জীবনের অনেক মিল রয়েছে। তাই কাজ করতে কোনো অসুবিধা হয়নি।’ নোনাজলের গল্প নাটকটি পরিচালনা করেছেন সাজ্জাদ রহমান। তিনি জানান, ‘কাঙালিনী সুফিয়ার ‘বুড়ি হইলাম তোর কারণে’ গানটি অবলম্বনে নোনাজলের গল্প নাটকটি নির্মিত হয়েছে। এতে প্রধান চরিত্র একজন বাউলের ভূমিকায় অভিনয় করেছেন কাঙালিনী সুফিয়া। নাটকে কাঙালিনী সুফিয়ার অসাধারণ অভিনয় সবার ভালো লাগবে। বিশেষ করে মৃত্যু দৃশ্যে তিনি অসাধারণ অভিনয় করেছেন বলে আমার মনে হয়েছে।’ ‘নোনা জলের গল্পে’র অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন এস এম মহসীন, বোরহান বাবু, নূপুর ইসলাম, স.ম আজিজ, এনামুল হক, জিনিয়া, রত্না প্রমুখ। নোনাজলের গল্প নাটকটি আগামী ১১ এপ্রিল বুধবার রাত নয়টায় বিটিভিতে প্রচারিত হবে।