২১ মাস পর শুরু হলো রুহির 'গ্ল্যামার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহি
রুহি

কলকাতার পরিচালক মহুয়া চক্রবর্তীর ‘গ্ল্যামার’ ছবিতে অভিনয়ের জন্য ২০১২ সালের জুন মাসে চুক্তিবদ্ধ হন বাংলাদেশের আলোচিত র্যাম্প মডেল ও অভিনেত্রী রুহি। সেটি ছিল রুহির প্রথম চলচ্চিত্র। কথা ছিল, ওই বছরেই ছবিটির শুটিং শুরু করবেন তিনি। কিন্তু নানা জটিলতার কারণে ছবিটির শুটিং শুরু হয়নি। চুক্তির ২১ মাস পর অবশেষে শুরু হয়েছে রুহির ‘গ্ল্যামার’ ছবির কাজ। গতকাল সোমবার কলকাতায় ছবিটির শুটিংয়ে অংশ নেন তিনি।
‘গ্ল্যামার’ ছবিতে রুহি অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় নায়ক পরমব্রতের বিপরীতে।
‘গ্ল্যামার’ ছবির কাজ পিছিয়ে গেলেও বসে থাকেননি রুহি। কাজ করেছেন আরও তিনটি চলচ্চিত্রে। এরই মধ্যে ‘একাত্তরের সংগ্রাম’ নামের একটি ছবি মুক্তিও পেয়েছে। রুহি বলেন, ‘“গ্ল্যামার” ছবিটি নিয়ে একরকম দুশ্চিন্তায় ছিলাম। তবে আমি আশাহত হইনি। অবশেষে শুটিং শুরু হওয়ায় খুবই ভালো লাগছে। কলকাতার বিভিন্ন লোকেশনে টানা এক মাস কাজ করব। আশা করছি, অনেক ভালো একটি ছবি হবে “গ্ল্যামার”।’
ছবির গল্প সম্পর্কে রুহি বলেন, ‘গ্ল্যামার জগতের নানা ঘটনা নিয়ে ছবিটির গল্প। ছবিটির কেন্দ্রীয় চরিত্র আমাকে কেন্দ্র করে। এখানে আমাকে সুপার মডেল হিসেবে উপস্থাপন করা হচ্ছে। আমার চরিত্রের নাম রাখা হয়েছে জোয়ানা মিশেল। সব মিলিয়ে আনন্দের মাত্রাটা অনেক বেশি। গত দেড় বছরেরও বেশি সময় ধরে পরিচালক নিয়মিতভাবেই আমাকে নানা উপদেশ দিয়েছেন। আমিও সেভাবেই নিজেকে প্রস্তুত করেছি।’
জানা গেছে, ‘গ্ল্যামার’ ছবিতে রুহি ও পরমব্রত ছাড়াও অভিনয় করবেন কলকাতার আরও বেশ কয়েকজন জনপ্রিয় অভিনয়শিল্পী।
উল্লেখ্য, রুহি বাংলাদেশের কয়েকটি টিভি নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। তাঁর প্রথম টিভি নাটক হচ্ছে ২০১০ সালে রবীন্দ্রনাথের ছোটগল্প নিয়ে নির্মিত ‘অপরিচিতা’। এরপর রিপন নবীর ‘অচেনা মানুষ’ এবং শহীদুজ্জামান সেলিমের ‘বৃত্তের বাইরে একা’ নাটকে কাজ করেন রুহি। গিয়াসউদ্দীন সেলিমের পরিচালনায় ‘অবগুণ্ঠন’ ধারাবাহিক নাটকটি দিয়ে আলোচনায় আসেন রুহি। ‘গ্ল্যামার’ ছাড়াও রুহি এখন অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ এবং ইসমত আরা পরিচালিত ‘মায়ানগর’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।