২১ মে থেকে ঢাকায় আইটিআই নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইটিআই বাংলাদেশ কেন্দ্র প্রথমবারের মতো আয়োজন করেছে নাট্যোৎসবের। প্রথম ঢাকা আন্তর্জাতিক থিয়েটার উৎসব শুরু হচ্ছে ২১ মে। ১০ দিনের এই নাট্য উৎসবে অংশ নিচ্ছে ঢাকা ও ঢাকার বাইরের ২৪টি নাট্যদল এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে নেপাল, সুদান, হংকং, সিঙ্গাপুর ও ভারতের নাটকের দল। সংস্কৃতি মন্ত্রণালয়ের নাটক, নৃত্য, সংগীত এবং যাত্রাশিল্পের মানোন্নয়ন শীর্ষক কর্মসূচির আওতায় আয়োজিত এই উৎসবে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী।আইটিআইয়ের সভাপতি রামেন্দু মজুমদার বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে এখন নানা শিরোনামে নাট্যোৎসব হয়। আমরা ঢাকাকে কেন্দ্র করে এ ধরনের একটা উৎসবের আয়োজন করেছি। দুই বছর পরপর ঢাকায় এই উৎসবের আয়োজনের পরিকল্পনা আমাদের আছে। এরপর থেকে শীতেকালে এই আয়োজন করব।’ বিদেশি নাট্যদলগুলোর অংশগ্রহণের ব্যাপারে তিনি বলেন, ‘এবারের আয়োজনটা একটু তাড়াহুড়ো করে করতে হয়েছে। তাই বিদেশি নাট্যদলগুলোর অংশগ্রহণের সংখ্যা কিছুটা কম। আশা করছি, আগামীতে সংখ্যাটা বাড়বে।’উৎসবের নাটকগুলো মঞ্চস্থ হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা, পরীক্ষণ থিয়েটার হল এবং স্টুডিও থিয়েটার হলে। একই সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে বিশেষ আলোচনা। উৎসব শেষ হবে ৩০ মে।