২৩ এপ্রিল থেকে সংগীত মেলা
২৩ এপ্রিল শুরু হচ্ছে ‘সংগীত মেলা ২০১৬’। এর আয়োজন করেছে সম্মিলিত সংগীতশিল্পী সোসাইটি নামের একটি সংগঠন। আট দিনের এই মেলা বসবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। গত শনিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির সভাপতি আশরাফ উদাস।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলা গানের বিভিন্ন ঘরানায় অবদান রাখার জন্য ২৫ জন গুণী শিল্পীকে এবারের সংগীত মেলায় সম্মাননা দেওয়া হবে। শতাধিক অ্যালবাম প্রকাশের পাশাপাশি মেলা প্রাঙ্গণে আয়োজন করা হবে দুটি সেমিনার ও চারটি কর্মশালা। দর্শকদের বাংলা গানের ইতিহাস এবং বিবর্তন সম্পর্কে জানানোর জন্য তৈরি করা হবে ২০০ ফুট দীর্ঘ একটি টাইমলাইন বোর্ড। এ ছাড়া থাকবে শিল্পীদের সঙ্গে সেলফি তোলার সুযোগ। মেলা উপলক্ষে দেশের নানা প্রান্ত থেকে আসবেন শিল্পীরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেলা উদযাপন কমিটির আহ্বায়ক হাসান মতিউর রহমান, সংগীতশিল্পী সাদি মহম্মদ, আইয়ুব বাচ্চু, খালিদ হোসেন, গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন মেলা উদযাপন কমিটির সদস্য সচিব সংগীতশিল্পী সাজেদ ফাতেমী।