২৩ বছর পূর্তিতে দৃকের প্রদর্শনী
ধানমন্ডির নতুন ১৫/এ রোডের ৫৮ নম্বর বাড়ি। ১৯৮৯ সালে সেটি ছিল একতলা জীর্ণ বাড়ি। সেই বছরের ৪ সেপ্টেম্বর বাড়িটিতে শহিদুল আলমের হাত ধরে শুরু হলো ‘দৃক’-এর পথচলা। আলোকচিত্র যাঁরা ভালোবাসেন কিংবা আলোকচিত্র ভালোবেসে যাঁরা পথ চলতে চান, তাঁদের ঠিকানা হলো এই দৃক। তারপর একতলা সেই বাড়িটা পর্যায়ক্রমে দোতলা থেকে তিনতলায় পরিণত হলো। এই তিনতলায় প্রতিষ্ঠিত হয়েছে একটি চমৎকার গ্যালারি—দৃক পিকচার গ্যালারি। আর এই পরিবর্তন আর সংযোজনের মধ্যে কেটে গেছে ২৩ বছর। এই সময়ের মধ্যে দৃক বহির্বিশ্বের আলোকচিত্র জগতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে সফলতার সঙ্গে।গতকাল মঙ্গলবার দৃকের ২৩ বছর পূর্তি উপলক্ষে ‘ইনসাইডার, আউট সাইডার’ শিরোনামে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের আলোকচিত্রী রেজা দেঘাতি। উদ্বোধনী পর্বে দৃক পরিচালক শহিদুল আলম শুভেচ্ছা বক্তব্য দেন। শিল্পী ওয়াকিলুর রহমান ‘গোলাম কাশেম ড্যাডি লেকচার সিরিজ (চতুর্থ)’ শীর্ষক বক্তৃতা দেন। তাঁর বক্তব্যের সঙ্গে ছিল প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন নিদর্শনের উপস্থাপনা।প্রদর্শনী ১২ সেপ্টেম্বর প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।