২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা চাইলেন করণ জোহর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ ঘণ্টা নিরাপত্তা চেয়ে মুম্বাই পুলিশকে অনুরোধ জানালেন বলিউডের অন্যতম প্রভাবশালী নির্মাতা ও প্রযোজক করণ জোহর।
গত সেপ্টেম্বর মাসে চাঁদা দাবি করে অচেনা একটি মুঠোফোন নম্বর থেকে করণকে এসএমএস পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে খার পুলিশ স্টেশনে মামলা করেছিলেন করণ। পরে সেই মামলা মুম্বাই ক্রাইম ব্র্যাঞ্চের অ্যান্টি-এক্সটরশন সেলে স্থানান্তরিত করা হয়। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে জিনিউজ।
করণের আগে বলিউডের আরেক প্রভাবশালী চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরকে হুমকি দিয়ে ফোন করেছিল মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের এক গ্যাংস্টার। তখন ওশিওয়াড়া পুলিশ স্টেশনে মামলা করেছিলেন বনি কাপুর। তাঁর মামলাটিও অ্যান্টি-এক্সটরশন সেলে স্থানান্তরিত করা হয়।
এ ছাড়া সম্প্রতি বলিউডের প্রখ্যাত প্লেব্যাক গায়ক সনু নিগমও মুম্বাই আন্ডারওয়ার্ল্ড থেকে ফোনে হুমকি পেয়েছেন।