২৪ ঘণ্টার 'হ্যাপি' সংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হ্যাপি’ সকাল। ৭টা ৩২ মিনিট
‘হ্যাপি’ সকাল। ৭টা ৩২ মিনিট

হাতে সময় আছে? পুরো এক দিন? আর সেই দিনটা শুধু সুখ-আনন্দ আর খুশির মধ্যেই থাকতে চান? তাহলে ঢুকে পড়ুন ফ্যারেল উইলিয়ামসের সুখের দুনিয়ায়। 24hoursofhappy.com ওয়েবসাইটে। এবার আপনার সময়ের সঙ্গে মিলিয়ে নিন গানের ভিডিওটির সময়। সকাল, বিকেল, দুপুর, মধ্যরাত, সূর্যোদয়, সুর্যাস্ত—যে সময়ই হোক না কেন, সুখের এই গানে সব সময়ই কেউ না কেউ আছে আপনাকে সঙ্গ দেওয়ার জন্য। গলা ছেড়ে এবার তাঁদের সঙ্গে হাততালি দিয়ে গাইতে শুরু করুন ‘...ক্ল্যাপ অ্যালং ইফ ইউ নো হোয়াট হ্যাপিনেস ইজ টু ইউ...বিকজ আয়াম হ্যাপি...বিকজ আয়াম হ্যাপি’।

‘হ্যাপি’ সকাল। ৮টা ২৪ মিনিট
‘হ্যাপি’ সকাল। ৮টা ২৪ মিনিট

কিছুক্ষণ গাইতেই দেখবেন কেমন খুশি খুশি লাগছে নিজেকে। হাত-পাগুলো একটু একটু নৃত্যের তালে দুলছে আর সুখ হয়ে উঠছে ‘রংধনুর মতো আজও রঙিন’। মার্কিন এই সুখের ফেরিওয়ালা ফ্যারেল উইলিয়ামস তাঁর দারুণ এই ‘সুখ’ ছড়িয়ে দিয়েই পৃথিবী কাঁপাচ্ছেন এখন। বিলবোর্ড টপচার্টে বিক্রির রেকর্ড ভেঙেচুরে সব একাকার।
তবে যা-ই বলেন না কেন, আইডিয়াটাই অভিনব। ফ্যারেল উইলিয়াম একে বলছেন, বিশ্বের প্রথম ২৪ ঘণ্টার মিউজিক ভিডিও। আসল গানের চার মিনিটের এই ‘হ্যাপিনেস’কে তাই তিনি শুধু মিনিট-সেকেন্ডের ক্ষুদ্র পরিমণ্ডলে সীমাবদ্ধ রাখেননি। কারণ, সুখ আর আনন্দ তো মানুষের দিন-রাতের মাপজোখ বুঝে আসে না। সুখী হতে পারেন আপনি যেকোনো সময়, যেকোনো জায়গায়—কারণে বা অকারণে যতক্ষণ ইচ্ছা ততক্ষণের জন্য। তাই ১১ দিন ধরে প্রতিদিন আট ঘণ্টা স্যুটে প্রায় ৪০০ মানুষকে সুখের তালে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের মাঠেঘাটে নাচিয়ে তৈরি করেছেন তিনি এই সারা দিনের ভিডিও।

‘হ্যাপি’ বিকেল। ৫টা ১২ মিনিট
‘হ্যাপি’ বিকেল। ৫টা ১২ মিনিট

অস্কার অনুষ্ঠান যাঁরা দেখেছেন, তাঁরা ইতিমধ্যেই দেখে ফেলেছেন ফ্যারেল উইলিয়ামসকে। ওই যে শুরুতেই যে গায়ক মঞ্চ থেকে নেমে সুখের সঙ্গী করে নিল মেরিল স্ট্রিপ থেকে শুরু করে অনেককেই। তাঁর এই গানটি প্রকাশ হওয়ার কিছুদিনের মধ্যেই ইউরোপ আর অস্ট্রেলিয়ার টপচার্টে নিজের শক্ত অবস্থান করে নেয়। এর পর থেকে তাঁর জয়রথ এগিয়ে চলছেই।
তবে গানটি প্রথম ব্যবহূত হয় গত বছর মুক্তি পাওয়া অ্যানিমেশন মুভি ডেসপিকেবল মি ২-এ। ভালোমানুষী ভিলেন গ্রু আর মিনিয়নের সেই জগতে দেখা গিয়েছিল গ্রু সাহেবকে রাস্তাঘাটে বেশ নৃত্য করতে এই গানের সঙ্গে। এরপর তাঁর গার্ল অ্যালবাম হয়ে এ গান এখন সারা দুনিয়ার। গত বছর মুক্তি পাওয়ার পর ‘হ্যাপি’ নিয়ে চলছে ফ্ল্যাশ মব, স্ট্রিট পারফরম্যান্স আর একক নৃত্যকলা।

‘হ্যাপি’ মধ্যরাত। ১২টা ২৪ মিনিট
‘হ্যাপি’ মধ্যরাত। ১২টা ২৪ মিনিট

পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষজন ‘ফ্যারেল উইলিয়ামস—হ্যাপি—উই আর ফ্রম (শহরের নাম)’ দিয়ে গানটির সঙ্গে নেচে ভিডিও আপ করছে ইউটিউবে। বলা হচ্ছে ‘গ্যাংনাম স্টাইল’ আর ‘হার্লেম শেক’-এর পর ‘হ্যাপি’ই হচ্ছে এই ধারার নতুন হিট নৃত্যগান।
আসছে ২০ মার্চ দ্বিতীয়বারের মতো ‘ইন্টারন্যাশনাল ডে অব হ্যাপিনেস’ পালন করতে যাচ্ছে জাতিসংঘ। তাই এবারের এই হ্যাপি গানটি যে দিবসটিতে একটা নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে, তা তো বোঝাই যাচ্ছে। এখন থেকেই তাইদিবসটি উপলক্ষে রিহার্সেল চলতে থাকুক, ‘হ্যাপি, হ্যাপি...।’
 সিমু নাসের