
‘প্রিয় দর্শক’—এইটুকু বলে থেমে গেলেন ববিতা। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে মিলনায়তনপূর্ণ দর্শকদের দিকে তাকালেন একবার। পিনপতন নীরবতা ভেঙে মিনিট খানেক পরে বললেন, ‘নেভার স্টপ স্মাইলিং’। দর্শকদের অপেক্ষা গিয়ে মিলল হাততালি আর হাসিতে। বক্তব্যের শেষে এমন উচ্ছ্বাস সম্ভবত রুপালি পর্দার এই নায়িকাকেই মানায়। ‘দ্য ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সেলিব্রেটিং লাইফ ২০১৫’-এর আজীবন সম্মাননা নিতে মঞ্চে উঠেছিলেন ববিতা। পুরস্কার পেয়ে জানালেন অনুভূতিও। সদা হাস্যময়ী এই নায়িকা সব সময় হাসিখুশি থাকার অনুরোধ জানিয়েই নামলেন মঞ্চ থেকে।
গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছিল ‘ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সেলিব্রেটিং লাইফ ২০১৫’ সম্মাননা ও পুরস্কার বিতরণীর। ববিতার পাশাপাশি আজীবন সম্মাননায় ভূষিত করা হয় সুরস্রষ্টা আলাউদ্দিন আলী ও চিত্রগ্রাহক আফজাল এইচ চৌধুরীকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আরও উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার এ আনোয়ার।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘আমরা সব দিক থেকে এগিয়ে যাচ্ছি, কিন্তু সংস্কৃতিচর্চার দিক থেকে পিছিয়ে যাচ্ছি। ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এই কাজটি করেছে। আমি তাদের ধন্যবাদ জানাই।’
এ বছর সেলিব্রেটিং লাইফে তিনটি বিভাগে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে ১২ জন আলোকচিত্রে, ১০ জন গীতিকাব্যে ও ২ জন চলচ্চিত্রে পুরস্কার পান। প্রত্যেকের হাতে সম্মাননা, ক্রেস্ট ও পুরস্কারের চেক তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানের শেষে গান পরিবেশন করেন শিল্পী আব্দুল হাদী, সাবিনা ইয়াসমীন এবং চিরকুট ব্যান্ড।