২৪ জুলাই দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার
আসছে ২৪ জুলাই দেওয়া হবে ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সিনেমায় নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠ শিল্পীদের হাতে বরাবরের মতো পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ পুরস্কার তুলে দেওয়া হবে। গতকাল সোমবার বিকেলে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনজুরুর রহমান।
গত মে মাসে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’-এর প্রজ্ঞাপন জারি করা হয়। ঘোষণা করা হয়েছে পুরস্কারপ্রাপ্তদের নাম। বাংলাদেশের চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৫টি বিভাগে চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
এ বছরের আয়োজনে আজীবন সম্মাননা (যুগ্মভাবে) পাচ্ছেন অভিনেত্রী শাবানা ও কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমান। শ্রেষ্ঠ অভিনেতা (যুগ্মভাবে) হয়েছেন শাকিব খান (আরো ভালোবাসব তোমায়) ও মাহফুজ আহমেদ (জিরো ডিগ্রি)। শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন জয়া আহসান (জিরো ডিগ্রি)। এ বছর সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক পুরস্কার জিতেছে রিয়াজুল রিজু পরিচালিত সিনেমা বাপজানের বায়স্কোপ।