২৪ ফেব্রুয়ারি ‘ত্রিদেশীয় বিগ শো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে নেওয়া নিরাপত্তাব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় পিছিয়ে গেল ত্রিদেশীয় বিগ শো। আর তা করা হয়েছে সরকারের ঊর্ধ্বতন মহলের নির্দেশে। ‘ডেসটিনি ট্রাইনেশন বিগ শো’ নামের এই আয়োজনটির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ ফেব্রুয়ারি। আগামী ১৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়ার কথা ছিল আয়োজনটি। এদিকে তারিখ পরিবর্তন হওয়ায় বিদেশি শিল্পীদের অংশগ্রহণের ব্যাপারটি অনিশ্চিত হয়ে পড়ে। বিষয়টি গণমাধ্যমের কাছে তুলে ধরার জন্য গতকাল শনিবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে আয়োজক প্রতিষ্ঠান এটিএন ইভেন্টসের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন জানান, এরই মধ্যে বাংলাদেশের শাকিব খানসহ আরও কয়েকজন শিল্পীর সঙ্গে তাঁদের চুক্তি হয়েছে। অন্য সংগীত ও অভিনয়শিল্পীদের সঙ্গে দু-এক দিনের মধ্যেই চুক্তি করা হবে। বলিউডের শিল্পীদের আসার ব্যাপারটি নিশ্চিত করতে শুক্রবার রাতেই যোগাযোগ করা হয়। সালমান খান, ক্যাটরিনা কাইফ, অক্ষয় কুমার ও প্রিতম ২৪ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘ডেসটিনি ট্রাইনেশন বিগ শো’তে অংশ নেওয়ার ব্যাপারে মৌখিক সিদ্ধান্ত জানিয়েছেন। এদিকে তাঁদের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন কারিনা কাপুর। এরই মধ্যে তিনি ঢাকায় আসার ব্যাপারটি নিশ্চিত করেছেন। শ্রীলঙ্কার পক্ষ থেকে অংশ নেবেন দুজন শিল্পী ও দুটি ব্যান্ড। তাদের সঙ্গে নতুন করে যোগাযোগ হয়েছে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদসহ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন ও ম্যাবকো গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।