২৪ বছর পর ফিরছেন সিমি গারওয়াল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ দুই যুগ বিরতির পর রূপালি পর্দায় ফিরছেন ‘মেরা নাম জোকার’খ্যাত বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সিমি গারওয়াল। অবশ্য অভিনয়ে নয়, পরিচালক হিসেবেই বলিউডে প্রত্যাবর্তন ঘটছে তাঁর।এরই মধ্যে ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ করেছেন সিমি, শিগগিরই পরিচালনার কাজও শুরু করবেন ৬৪ বছর বয়সী এ তারকা। এ প্রসঙ্গে সিমির ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে পিটিআই জানিয়েছে, ‘ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ করেছেন তিনি। নিউইয়র্ক ও মস্কোতে কিছুদিনের মধ্যেই ছবিটির শুটিং শুরু হবে। ছবিটির কাজ এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই এ মুহূর্তে ছবিটি সম্পর্কে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।’১৯৮৮ সালে মুক্তি পেয়েছিল সিমি গারওয়ালের চিত্রনাট্য ও পরিচালনায় ‘রুকসাত’ ছবিটি। অভিনয়ে ছিলেন মিঠুন চক্রবর্তী, অনুরাধা পাতিল, মার্ক জুবের, ওমরেশ পুরি প্রমুখ। এ ছাড়া ১৯৯১ সালে তিন পর্বের টিভি ডকুমেন্টারি সিরিজ ‘ইন্ডিয়া’স রাজিব’ পরিচালনা করেন। ১৯৯৭ সালে জনপ্রিয় টিভি টক শো ‘রেন্ডেজভাস উইথ সিমি গেয়ারওয়াল’ সঞ্চালনার পাশাপাশি এর নির্দেশক হিসেবেও দায়িত্ব পালন করেছেন সিমি।সিমি গারওয়াল অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মেরা নাম জোকার’, ‘সাথি’, ‘দো বদনাম’, ‘কর্জ’ ও ‘সিদ্ধার্থ’। ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিদ্ধার্থ’ ছবিতে শশী কাপুরের সঙ্গে সিমির খোলামেলা দৃশ্যের জন্য সমালোচনার ঝড় ওঠে। সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় ভারতে মুক্তি পায়নি ছবিটি।এ পর্যন্ত স্ক্রিন, ফিল্মফেয়ার, ইন্ডিয়ান টেলিভিশন অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন গুণী এ অভিনয়শিল্পী ও টিভি-ব্যক্তিত্ব।