২৫ জানুয়ারি ‘টেলিভিশন’
মোস্তফা সরয়ার ফারুকী তাঁর নতুন ছবির মুক্তির তারিখ ঘোষণা করলেন। টেলিভিশন মুক্তি পাচ্ছে ২৫ জানুয়ারি, দেশের ১৫টি প্রেক্ষাগৃহে। এর মধ্যে থাকছে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, পাবনা, ময়মনসিংহ, খুলনা, রাজশাহীর প্রেক্ষাগৃহ। এ উপলক্ষে ফারুকী তাঁর ছবির শিল্পী ও কলাকুশলীদের নিয়ে সাত দিন বাংলাদেশের বিভিন্ন জেলায় সফর করার পরিকল্পনা করেছেন। মুক্তির দিন থেকে পর্যায়ক্রমে প্রেক্ষাগৃহগুলোতে যাবেন ছবিটির পরিচালক ফারুকী এবং অভিনয়শিল্পী তিশা, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীসহ আরও অনেকে। নিজের নতুন ছবি প্রসঙ্গে ফারুকী বললেন, ‘আমি জানি, দর্শকেরা আমার কাছ থেকে কী চান। আমার কাছ থেকে তাঁদের প্রত্যাশা হলো, প্রতি ছবিতেই যেন একটি নতুন গল্প জমজমাট ভঙ্গিতে বলা হয়। আশা করছি, টেলিভিশন তাঁদের সেই প্রত্যাশা পূরণ করবে।’সম্প্রতি পুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী ছবি হিসেবে প্রশংসিত হয় টেলিভিশন। এ ছাড়া দুবাই আন্তর্জাতিক উৎসবে ছবিটি বিশেষ জুরি সম্মাননা পেয়েছে। আনিসুল হক ও মোস্তফা সরয়ার ফারুকী রচিত টেলিভিশন ছবিটি প্রযোজনা করেছে ছবিয়াল, স্টার সিনেপ্লেক্স ও মোগাদার ফিল্ম জার্মানি। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আইয়ুব বাচ্চু, হূদয় খান ও চিরকুট।