২৫ পেরিয়ে 'ইত্যাদি'

বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ ২৫ পেরিয়ে ২৬ বছরে পা রেখেছে। ‘ইত্যাদি’র ২৫ বছর পূর্তি উপলক্ষে সাজানো হয়েছে আজকের পর্বটি। দেড় ঘণ্টার এই অনুষ্ঠান প্রচারিত হবে আজ রাত সাড়ে আটটায়। উপস্থাপনা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত।
আজকের পর্ব নিয়ে অনুষ্ঠানটির নির্মাতাপ্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন থেকে জানানো হয়েছে, আজকের পর্ব একটু ভিন্ন আঙ্গিকের হবে। যে দর্শকের বয়স এখন ২৫ বা তার কম অর্থাৎ এই প্রজন্মের পক্ষে ইত্যাদির সেই অতীত না জানারই কথা। সেই অতীত স্মরণ করতেই আজকের অনুষ্ঠান সাজানো হয়েছে।
আরও জানানো হয়েছে, ২৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আঙ্গিক পরিবর্তন করা হবে না কিংবা নতুন কোনো পদক্ষেপ নেওয়া হবে না। কারণ, ‘ইত্যাদি’র প্রতিটি অনুষ্ঠানই নতুন নতুন স্থানে, নতুন পরিকল্পনা নিয়ে করা হয়। সেই অর্থে প্রতিটি অনুষ্ঠানই নতুন।
‘ইত্যাদি’র শিল্পনির্দেশনা করেছেন মুকিমুল আনোয়ার মুকিম। ‘ইত্যাদি’ পুনঃপ্রচার করা হবে রোববার রাত ১০টার ইংরেজি সংবাদের পর।