২৫ বছর পর আবার ঢাকার মঞ্চে দ্বিজেন
‘২৫ বছর আগে বাংলাদেশে এসেছিলাম। তখন ভারতীয় শিল্পমেলা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গান করেছি। আমি একাই গান করেছি। একটানা আড়াই ঘণ্টা। এত ভালো দর্শক পেয়েছিলাম! কলকাতায় ফিরে গিয়ে সবাইকে সে কথা বলেছি। অনেক বছর পর মনে অনেক আশা নিয়ে আবার এসেছি। জীবনের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আর আসতে পারব কি না জানি না। ইচ্ছা আছে কাল (সোমবার) শ্রোতাদের আবার সে রকম গান শোনাব। গান শুনে মুগ্ধ হবে সবাই।’ বললেন দ্বিজেন মুখোপাধ্যায়। গত শনিবার বেঙ্গল ফাউন্ডেশনের আমন্ত্রণে ঢাকায় এসেছেন ভারতের প্রখ্যাত এই কণ্ঠশিল্পী। আজ তাঁর গাওয়া রবীন্দ্রসংগীতের একটি অ্যালবামের মোড়ক খোলা হবে। হূদয়েতে পথ কেটেছি অ্যালবামে তাঁর সঙ্গে গান গেয়েছেন শামা রহমান। বেঙ্গল ফাউন্ডেশন থেকে এসেছে অ্যালবামটি। এর সংগীত পরিচালনা করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়। আজ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অ্যালবামটির মোড়ক খুলবেন অধ্যাপক রফিকুল ইসলাম। সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে অনুষ্ঠান। জানা গেছে, অ্যালবামটি নিয়ে কিছু কথা বলবেন আমন্ত্রিত অতিথিরা। এরপর দ্বিজেন মুখোপাধ্যায় ও শামা রহমান গান করবেন।গতকাল রোববার সন্ধ্যায় বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়েরের বাসায় কথা হলো দ্বিজেন মুখোপাধ্যায় ও শামা রহমানের সঙ্গে। এর আগে নব্বইয়ের দশকে একই প্রতিষ্ঠান থেকে এসেছিল দ্বিজেন মুখোপাধ্যায়ের আরও দুটি অ্যালবাম। একটি আধুনিক গানের হাজার মনের ভিড়ে, অন্যটি রবীন্দ্রসংগীতের পুরানো সেই দিনের কথা। শামা বলেন, ‘অ্যালবামটির কাজ হয়েছে বছর চারেক আগে। এখানে দ্বৈতকণ্ঠে আমরা গেয়েছি “কোন পুরাতন প্রাণের টানে”, “আমার নিশিথরাতের” ও “আমি হূদয়েতে পথ কেটেছি”; দ্বিজেনদা গেয়েছেন “তোমার সুরের ধারা”, “ফুল তুলিতে ভুল করেছি”, “নির্জন রাতে”; আর আমি গেয়েছি “বঁধু মিছে রাগ কোরো না”, “কাঁদালে তুমি মোরে”, “ভালোবাসি ভালোবাসি”, “নয়ন ছেড়ে গেলে চলে” এবং “কতবার ভেবেছিনু” গানগুলি।’দ্বিজেন মুখোপাধ্যায় বললেন, ‘আমার বলতে কোনো দ্বিধা নেই, বাংলা গানের শ্রোতা আছে এ দেশেই। বাংলা গানকে এরা মাথায় করে রেখেছে। আমাদের গান যে এরা এখনো মনে রেখেছে—এটা ভেবেই আমি অভিভূত। আমাদের আনা হচ্ছে, গান শুনছে। কিছুদিন আগে মান্না দে ফিরে গিয়েও এ দেশের শ্রোতাদের অনেক প্রশংসা করেছেন। কলকাতায় তো এখন আর কেউ বাংলা গানকে সম্মান করে না।’দ্বিজেন মুখোপাধ্যায় শুধু রবীন্দ্রসংগীতের শিল্পীই নন, আধুনিক গানও করেন। বললেন, ‘৬৫ বছর ধরে গান করছি। ওই সময় কট্টরপন্থী কয়েকজন ব্যক্তির চেষ্টা ছিল, রবীন্দ্রসংগীতের চর্চা যেন তাঁদের বাইরে আর কেউ না করেন। সে সময় আমরা কয়েকজন সেই বাধা ভেঙে দিয়েছিলাম। আধুনিক গানের জন্য যতটা প্রশংসা পেয়েছিলাম, রবীন্দ্রসংগীতের জন্য পেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি।’আধুনিক গানের প্রসঙ্গ উঠতেই জানালেন, তিনি অসংখ্য আধুনিক ও বাংলা ছবিতে গান করেছেন; আর সেসব এখনো মানুষের মুখে মুখে ফেরে। তেমনই কয়েকটি গানের কথা তিনি জানালেন: ‘পল্লবী গো সঞ্চারিণী’, ‘সাতনড়ির হার দিব’, ‘শ্যামল বরন ওগো কন্যা’, ‘যদি বলি তোমার দুচোখ’, ‘একদিন ফিরে যাব চলে’, ‘বড় ভয় ছিল যাবার বেলায়’।আজকের অনুষ্ঠানে রবীন্দ্রসংগীতের পাশাপাশি এমনি কিছু গানও শোনানোর ইচ্ছা আছে তাঁর। বললেন, ‘আমার সঙ্গে শামাও আধুনিক গান করবে।’