‘৭১-এ স্বপ্ন দেখেছিল জনতা/ সোনালি সোপানের বারতা/ রাজা আসে রাজা যায়/ আর দেখিয়ে দিয়ে যায়/ যার যার ক্ষমতা’—এমন কড়া কথার গান দিয়েই প্রমিথিউস পঁচিশ-এর ছায়াপথ অ্যালবাম শুরু করেছে। গ্রিক পুরাণের দেবতা প্রমিথিউস আগুনের সঙ্গে পরিচয় করিয়েছিল মর্ত্যবাসীকে। প্রমিথিউসের নামেই বাংলাদেশের ব্যান্ড প্রমিথিউসের গোড়াপত্তন আজ থেকে ২৫ বছর আগে। দলের ২৫ বছর পূর্তিতে প্রমিথিউস বাজারে এনেছে তাদের নতুন অ্যালবাম। ১৩টি ভিন্ন স্বাদের গান দিয়ে সাজানো এই নতুন অ্যালবামের নাম পঁচিশ-এর ছায়াপথ। নতুন অ্যালবামে রিমঝিম-ঝিম বৃষ্টিতে ভেজার আমন্ত্রণ জানিয়ে নীলাম্বরী নীলের রূপ বর্ণনা করলেও পরক্ষণেই প্রমিথিউস জানিয়েছে প্রিয়া বিনে দারুণ খরাক্রান্ত সময়ের কথা। বিপ্লবের দল ঝিরিঝিরি বৃষ্টিতে প্রিয়ার চুল ওড়ানোর গান যেমন শুনিয়েছে, একইভাবে চেনা মানুষগুলোর অচেনা হয়ে যাওয়ার গল্পও শুনিয়েছে গানে গানে। নতুন দশটি গানের অধিকাংশেরই সুর করেছেন বিপ্লব নিজে। ‘কাফনের কাপড়ের পকেট থাকে না’, ‘এখনো কি তোমার প্রিয় কবি জীবনানন্দই আছে’ এবং ‘তুমি চাইলে মরা নদীতে জোয়ার আসবে’ গান তিনটিতে নতুন কিছু কারুকাজও (রিমেক) দেখানো হয়েছে। ২৫ বছরে ভক্তদের ভালোবাসা আর প্রাপ্তির ডালি ভরা প্রমিথিউসের ভোকাল বিপ্লব আশার কণ্ঠে জানালেন, প্রমিথিউস এখন কেবল গানের দল নয়, ‘সবার জন্য কার্যকরী শিক্ষা’ নামের একটি কর্মসূচিও হাতে নিয়েছে। কেবল গান গেয়ে শ্রোতাদের মন ভরিয়েই নয়, মুক্তিযুদ্ধের আলোয় একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নও দেখে তারা।