২৬ মার্চ কুসুমের অভিষেক
‘প্রত্যেক শিল্পীরই তাঁর প্রথম কাজ নিয়ে ইতিবাচক আশা থাকে। গহিনের শব্দ আমার প্রথম চলচ্চিত্র। এটা নিয়ে আমারও তেমনি প্রত্যাশা আছে। সম্প্রতি ছবিটি দেখেছি। খুবই ভালো লেগেছে।’ বললেন কুসুম শিকদার।আগামী ২৬ মার্চ রুপালি পর্দায় অভিষেক ঘটবে কুসুমের। তিনি জানালেন, ওই দিন তিনি সাধারণ দর্শকের সঙ্গে প্রেক্ষাগৃহে বসে ছবিটি দেখবেন। সরাসরি তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করবেন।গহিনের শব্দ ছবিটি নির্মাণ করেছেন খালিদ মাহমুদ। এটি তাঁরও প্রথম চলচ্চিত্র। তিনি বললেন, ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের শেষ দিনে আমার ছবিটি দেখানো হয়েছে। ছবি দেখে দর্শক যে ইতিবাচক মন্তব্য করেছে, তাতে আমি খুবই আশাবাদী।’ছবির গল্প প্রসঙ্গে পরিচালক বললেন, ‘মানবপ্রেম ও দেশপ্রেম—সমাজের এমন কিছু বাস্তবতা আছে, যা কাটিয়ে ওঠা সম্ভব হয় না। ছবিতে আমরা তা তুলে ধরেছি।’জানা গেছে, ২৬ মার্চ ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে গহিনের শব্দ।ছবিতে আরও অভিনয় করেছেন ইমন, আবুল হায়াত, মাসুম আজিজ, শামস সুমন, শিরোপা পূর্ণা, আরিফুল হক প্রমুখ। গান গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, হায়দার হোসেন ও রিংকু। হায়দার হোসেন ছবিতে অভিনয়ও করেছেন।