২৭ ডিসেম্বর দেশে ফিরেছেন আজম খান
মুখগহ্বরের ক্যানসারে আক্রান্ত কণ্ঠশিল্পী আজম খান দ্বিতীয় দফা চিকিৎসা নিতে গত বছরের ৭ নভেম্বর সিঙ্গাপুরে যান। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁকে কেমোথেরাপি দেওয়া হয়। কথা ছিল, মোট ৩০টি টমোথেরাপি (রেডিওথেরাপি)ও ৫ টি কেমোথেরাপি তিনি নেবেন। কিন্তু ২১টি টমোথেরাপি (রেডিওথেরাপি) ও ১টি কেমোথেরাপি নেওয়ার পর ২৭ ডিসেম্বর আজম খান দেশে ফিরে আসেন।জানা গেছে, কোমোথেরাপি নেওয়ার কারণে আজম খানের মুখে ও গলায় বেশি মাত্রায় ক্ষত সৃষ্টি হয়েছে। তবে তাঁর চিকিৎসকেরা জানিয়েছেন, দু-তিন সপ্তাহের মধ্যেই ক্ষতগুলো ভালো হয়ে যাবে।আজম খানের সর্বশেষ অবস্থা সম্পর্কে তাঁর মেয়ে অরণী খান জানান, ‘অনেক দিন দেশের বাইরে থাকার কারণে বাবা বেশ অস্থির হয়ে ওঠেন। দেশে ফিরে আসার জন্য তিনি ব্যাকুল হয়েছিলেন। গত ২৭ ডিসেম্বর তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়। তিনি এখনো বেশ দুর্বল। থেরাপির প্রভাবে তাঁর মুখে ও গলায় নতুন করে ক্ষত দেখা দিয়েছে। কথা বলতেও বেশ সমস্যা হচ্ছে। তবে আজ সোমবার তাঁর অবস্থা কিছুটা ভালো।’অরণী খান আরও বলেন, ‘এই মুহূর্তে বাবাকে তরল খাবার খাওয়ানো হচ্ছে। সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের দেওয়া ব্যবস্থাপত্র অনুযায়ী তাঁকে ওষুধ খাওয়ানো হচ্ছে। ওখানকার চিকিৎসকেরা বলেছেন, দুই সপ্তাহের মধ্যেই তাঁর গলা ও মুখের ক্ষতগুলো ভালো হয়ে যাবে।’ এর পরই বাকি ৮টি টমোথেরাপি ও চারটি কেমোথেরাপি বাংলাদেশের কোনো হাসপাতালে দিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।পপগুরু আজম খান বর্তমানে কমলাপুরে জসীমউদ্দীন রোডে নিজ বাড়িতেই অবস্থান করছেন।