২৭ বছর পর মণিহারে ববিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ ১৯৮৬ সালে শিবলী সাদিক পরিচালিত এবং সুচন্দা প্রযোজিত ‘তিন কন্যা’ ছবিটি যশোরের মণিহার প্রেক্ষাগৃহে বসে উপভোগ করেছিলেন এ দেশের জনপ্রিয় অভিনেত্রী ববিতা। তখন সঙ্গে ছিলেন বড় বোন সুচন্দা ও ছোট বোন চম্পা। ২৭ বছর পর আবারও যশোরের মণিহার প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে সিনেমা উপভোগ করলেন তিনি। এবারের ঈদে মুক্তি পাওয়া ‘খোদার পরে মা’ ছবিটি দেখতে বড় বোন সুচন্দা ছাড়াও ছিলেন তাঁদের কাছের আত্মীয়স্বজনরা।এ প্রসঙ্গে ববিতা বলেন, ‘ঈদের পর গ্রামের বাড়ি যশোরে বেড়াতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আত্মীয়স্বজনের অনুরোধে মণিহার প্রেক্ষাগৃহে ‘খোদার পরে মা’ ছবিটি দেখতে হয়েছে। সবাই একসঙ্গে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখে ভালোই লেগেছে।’ববিতা আরও বলেন, ‘বোরখা পরেই প্রেক্ষাগৃহে গিয়েছিলাম। প্রেক্ষাগৃহ ভর্তি দর্শকের সঙ্গে বসেই ছবিটি উপভোগ করেছি। দর্শকেরাও বেশ আগ্রহ নিয়ে ছবিটি দেখেছেন।’এবারের ঈদের আটটি ছবির মধ্যে ‘খোদার পরে মা’ সর্বাধিক ৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিতে ববিতা অভিনয় করেছেন শাকিব খানের মায়ের চরিত্রে। শাহীন-সুমন পরিচালিত ‘খোদার পরে মা’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাহারা।