২৮ জুন থেকে ‘বাংলাদেশী আইডল’
প্রতীক্ষার অবসান ঘটিয়ে পর্দা উঠছে সংগীতশিল্পী নির্বাচনের টিভি রিয়েলিটি শো ‘বাংলাদেশী আইডল’-এর। ২৮ জুন থেকে প্রতি শুক্রবার রাত আটটা ৩০ মিনিটে এসএ টিভিতে প্রচারিত হবে ‘বাংলাদেশী আইডল’-এর জমকালো পর্বগুলো। প্রথম পর্বে দেখা যাবে ঢাকা বিভাগের অডিশন। অডিশনে ঘটে যাওয়া নানা ঘটনা আর প্রতিযোগীদের গানে মুখর থাকবে পুরো পর্ব। ‘বাংলাদেশী আইডল’ অনুষ্ঠানের নির্মাণপ্রতিষ্ঠান ডেল্টা বে সূত্রে জানা যায়, ঢাকা বিভাগের অডিশন দিয়ে শুরু হয়ে দেশের বাকি বিভাগের অডিশনগুলোর চিত্র উঠে আসবে ধারাবাহিক এই পর্বগুলোর মধ্য দিয়ে। প্রসঙ্গক্রমে এই আয়োজনের অন্যতম বিজারক গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু বলেন, ‘বাংলাদেশে নির্মিত রিয়েলিটি শোগুলোতে আগে যা ঘটেনি, সেটাই ঘটবে এই শোতে। সংগীতে বাংলাদেশের আইডল খুঁজতে আমরা নিজেদের সর্বোচ্চ মেধা-শ্রম-আন্তরিকতা ব্যয় করছি। তাই অনুরোধ করছি অনুষ্ঠানটি উপভোগ করার।’ এদিকে ডেলটা বে প্রোডাকশনস অ্যান্ড ডিস্ট্রিবিউশন প্রাইভেট লিমিটেডের উদ্যোগে বিশ্বনন্দিত সংগীত প্রতিযোগিতা ‘আইডল’-এর স্বত্ব নিয়ে ‘বাংলাদেশী আইডল’ নির্মাণ করেছে। ডেলটা বের ব্যবস্থাপনা পরিচালক ও ‘বাংলাদেশী আইডল’-এর প্রযোজক মঈনুল হোসেন মুকুল বলেন, বিশ্বের অন্যতম বৃহত্ টিভি অনুষ্ঠান প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রিম্যান্টল মিডিয়ার সঙ্গে আমাদের চুক্তি অনুযায়ী ‘আইডল’ সিরিজের আন্তর্জাতিক মান বজায় রেখেই আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি। আইয়ুব বাচ্চু ছাড়াও ‘বাংলাদেশী আইডল’-এর বিচারকদের তালিকায় রয়েছেন ষাটের দশকের অন্যতম গুণী সংগীতশিল্পী ফেরদৌসী রহমান, আশির দশক থেকে গানের জগতে বিচরণকারী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর ও মেহরীন। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন হিল্লোল ও সামিয়া।