২৮ মার্চ 'সংগ্রাম'

র্যাম্প মডেল রুহির প্রথম ছবি সংগ্রাম মুক্তি পাচ্ছে ২৮ মার্চ। নিজের প্রথম ছবি নিয়ে দারুণ উচ্ছ্বসিত রুহি। তিনি বললেন, ‘ছবিটি ২৬ মার্চ মুক্তি দেব—এমনটাই ইচ্ছা ছিল। কিন্তু সেই দিনটা পাইনি। সংগ্রাম ছবির গল্প মুক্তিযুদ্ধ নিয়ে। ছবিটি মার্চ মাসে মুক্তি পাচ্ছে, তাই বেশি ভালো লাগছে।’
সংগ্রাম ছবিতে রুহির বিপরীতে অভিনয় করেছেন আমান। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অভিনেতা অনুপম খের। তাঁর সঙ্গে ছিলেন ইতালির নায়িকা এশিয়া আর্জেন্টো।
সম্প্রতি ছবির প্রচারণার কাজে যুক্তরাজ্যে যান রুহি। সেখানে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে সংগ্রাম ছবির ট্রেলার প্রদর্শিত হয়। সেখানে একটি সেমিনারে অংশ নেন রুহি।
রুহি বলেন, বাংলাদেশের চলচ্চিত্রকে এগিয়ে নিতে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
সংগ্রাম ছবির পরিচালক মনসুর আলী বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ছবিই হয়েছে। আমার এই ছবি নির্মাণ করেছি বাঙালি আর অবাঙালিদের কথা মাথায় রেখে।’
সংগ্রাম ছবির পর রুহি অনিমেষ আইচের জিরো ডিগ্রিতে অভিনয় করেছেন। ছবিতে তিনি মাহফুজ আহমেদের বিপরীতে অভিনয় করছেন।